পাথর তোলার সময় গর্তে পড়ে তিন শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর তোলার সময় গর্তে পড়ে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার কাদির মিয়া (৩৫), কিশোরগঞ্জের আলাল মিয়া (৫০) ও দক্ষিণ সুরমা এলাকার অজ্ঞাতনামা এক ব্যক্তি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার শারপিন টিলায় জালিয়ার পার এলাকার আবদুর নূরের পাথরের গর্ত থেকে প্রতিদিন শ্রমিকেরা লাল পাথর তোলেন। গতকাল সকাল ১০টায় পাথর তোলার সময় মই উল্টে গেলে তিনজন শ্রমিক প্রায় ২০ ফুট নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেও আবদুর নূরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নন্দন কান্তি তালুকদার তিন শ্রমিকের নিহত হওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।