লালমনিরহাটের পাটগ্রামে পাথর তোলার সময় গতকাল শুক্রবার ২৫টি ‘বোমা মেশিন’ জব্দ করে খাদে ফেলে দেওয়া হয়েছে। এ সময় রিং ও পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ আটক করে জেলা প্রশাসন। অভিযানের সময় মেশিনের মালিকেরা পালিয়ে যান। প্রথম আলোয় বৃহস্পতিবার ‘পাথর উত্তোলনে ‘বোমা মেশিন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। গতকাল পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মোহামঞ্চদ রহমতুল্লা লালমনিরহাট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পাটগ্রামের ধরলা নদীর বুড়িমারী ইউনিয়নের খেংন্টি ও মাস্টারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাথর তোলা অবস্থায় ২৫টি মেশিন ও যন্ত্রাংশ জব্দ করেন এবং সেগুলো ধ্বংস করা হয়। আবু হায়াত মোহামঞ্চদ রহমতুল্লা জানান, ২৫টি মেশিন আটক করা হয়েছে। ইসলামপুর এলাকায় প্রায় ১০০টি মেশিন ছিল। অভিযানের খবর পেয়ে নদীর পানিতে মেশিন ফেলে পালিয়ে যান অনেকে। তবে এলাকায় ভালোই প্রভাব পড়েছে। এসব অবৈধ মেশিন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।