পাথর তোলায় প্রশাসনের 'নীরব সমর্থন' ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা (শারফিন টিলা) কেটে অবৈধভাবে পাথর তোলায় স্থানীয় প্রশাসনের ‘নীরব সমর্থন’ ছিল।
গত ২৩ জানুয়ারি সকালে অবৈধভাবে পাথর তোলার সময় মাটিচাপায় পাঁচ শ্রমিক নিহত হওয়ার পরপরই গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তদন্ত কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের কাছে এ প্রতিবেদন তুলে দেন। প্রতিবেদনে ‘পাথরখেকো’ স্থানীয় ৪৭ জনকে চিহ্নিত করার পাশাপাশি কীভাবে তাঁদের নেতৃত্বে আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর তোলা হচ্ছে, তার বর্ণনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন প্রতিবেদনটি পাওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পৃথক উদ্যোগে তিনটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। জেলা প্রশাসনের প্রতিবেদনটি পেয়েছি। বাকি দুটি প্রতিবেদন জমা হওয়ার পর পর্যালোচনা করে দেখা হবে। এরপর অভিযুক্তের তালিকায় যাদের নাম আসবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই দোষীদের ছাড় দেওয়া হবে না।’
গত ২৩ জানুয়ারি মাটিচাপায় পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনার পরপরই জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম তদন্ত কমিটির প্রধান।
গত শুক্রবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘তদন্ত চলাকালে উপজেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, শ্রমিক, জনপ্রতিনিধি, পরিবেশকর্মীসহ অন্তত দেড় শতাধিক মানুষের সঙ্গে কথা বলেছি। সবকিছু নিশ্চিত হয়েই সুনির্দিষ্টভাবে দোষীদের চিহ্নিত করা হয়েছে।’
তবে তদন্ত প্রতিবেদনে উল্লেখিত স্থানীয় প্রশাসনের ‘নীরব সমর্থন’ থাকার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. মাছুম বিল্লাহ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম। তাঁরা প্রথম আলোকে বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালিত হয়েছে। কোনো ধরনের ছাড় দেওয়ার মানসিকতা স্থানীয় প্রশাসনের ছিল না।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা খুঁড়ে অবৈধভাবে পাথর তোলার সময় মাটিচাপায় পাঁচজন শ্রমিক নিহত ও কয়েকজন আহত হন।