
চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়ক থেকে পাথর পড়ে এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। তবে গাড়িচালক ও ব্যবসায়ী অক্ষত আছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় নগরের ওয়াসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এর আগে ১০ এপ্রিল একই এলাকায় নির্মাণাধীন এই উড়ালসড়ক থেকে ভারী ইট পড়ে আহত হয় বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের দিবা বিভাগের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিরা রহমান। নির্মাণাধীন এই উড়ালসড়কের দৈর্ঘ্য ৫ দশমিক ২ কিলোমিটার।
ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক হচ্ছেন জিইসি মোড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী নজরুল ইসলাম। তিনি প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার বিকেলে নগরের জেল রোড এলাকার শাহ আমানত মাজার থেকে গাড়ি নিয়ে জিইসি মোড়ের বাসায় ফিরছিলেন। ওয়াসা মোড় পার হওয়ার সময় উড়ালসড়কের ওপর থেকে হঠাৎ করে একটি পাথর তাঁর গাড়ির পেছনের অংশে এসে পড়ে। এতে কাচ ভেঙে গর্ত সৃষ্টি হয়।
এদিকে ক্ষতিগ্রস্ত গাড়ি দেখতে ঘটনাস্থলে জড়ো হয় আশপাশের মানুষ। আসে উড়ালসড়কের নির্মাণকাজে যুক্ত লোকজনও। খবর পেয়ে জিইসি মোড়ের বাসা থেকে ছুটে আসেন নজরুল ইসলামের স্ত্রী দেলোয়ারা বেগম।
দেলোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, উড়ালসড়কের নির্মাণকাজে জড়িত লোকজন উড়ালসড়ক থেকে পাথর পড়ার ঘটনা অস্বীকার করেছেন। তাঁদের দাবি, এক পাগল নাকি গাড়িতে পাথর মেরেছে। অবশ্য উড়ালসড়ক প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান গাড়ির কাচের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে।
উড়ালসড়ক থেকে পাথর পড়ার বিষয়টি অস্বীকার করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী ও উড়ালসড়কের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ওয়াসা মোড় এলাকায় উড়ালসড়কের নির্মাণকাজ শেষ হয়েছে অনেক আগে। কিন্তু কয়েক দিন ধরে এই এলাকায় একের পর এক কে বা কারা পাথর মেরে গাড়ি ও জানমালের ক্ষতি করার চেষ্টা করছে। গত বুধবারও গাড়িতে পাথর মেরে পালিয়ে যাওয়ার সময় এক লোককে আটক করা হয়। তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং ওই লোক গাড়িতে পাথর মারার ঘটনা স্বীকারও করেছেন।