পাথর বিক্রি হচ্ছে না, ব্যবসায়ীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাথর কোয়ারি বিছনাকান্দিতে পিয়াইন নদের পানি কম থাকায় কার্গো চলছে না। ফলে শতাধিক কোটি টাকার জমা (স্টক) বিভিন্ন ধরনের পাথর ন্যায্য দামে বিক্রি করতে পারছেন না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। পাথর বিক্রি না হওয়ায় বেকার হয়ে পড়েছেন ৩০-৩৫ হাজার পাথরশ্রমিক।
এলাকার অনেকে জানান, সাধারণত প্রতিবছর জ্যৈষ্ঠ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত বন্যার পানি ও পাহাড়ি ঢল থাকে। গোয়াইনঘাটের পিয়াইন নদে সহজেই ছোট-বড় কার্গো (পাথরবাহী জাহাজ) চলাচল করে। কিন্তু এ বছর গোয়াইনঘাটে বন্যা না হওয়ায় পানি বাড়েনি। তাই কার্গো চলছে না। ফলে পাথরের বড় চালান বিক্রি হচ্ছে না। এ ছাড়া স্থানীয়ভাবে ছোট নৌকা দিয়ে সীমিতসংখ্যক পাথর পরিবহন করা হলেও দাম পড়ে যাওয়ায় ব্যবসায়ীরা পাথর বিক্রি করতে আগ্রহী নন। পাথর ব্যবসায়ীরা প্রতিবছরের মতো এবারও বিছনাকান্দি পাথর কোয়ারির বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাথর জমা রেখেছেন। দেশের বিভিন্ন জায়গার পাথর ব্যবসায়ীরা পাথর কিনতে না পারায় স্থানীয় পাথর বিক্রেতারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
পাথর বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালের নভেম্বর মাস থেকে ২০১৩ সালের মার্চ মাস পর্যন্ত ব্যবসায়ীরা পাথর কোয়ারির গর্ত থেকে উত্তোলন করা বিভিন্ন ধরনের পাথর ক্রয় করে পিয়াইন নদের বিভিন্ন স্থানে জমা রেখেছেন। এতে তাঁদের ক্রয়মূল্য পড়েছে বোল্ডার ৬৫ টাকা, ভুতু ৪৫ টাকা, সিঙ্গেল ৩২ টাকা দরে প্রতি ফুট। বর্তমানে পাথর বিক্রির বাজারমূল্য প্রতি ফুট বোল্ডার ৬০ টাকা, ভুতু ৪০ টাকা ও সিঙ্গেল ৩০ টাকা। তাই ব্যবসায়ীরা পাথর বিক্রি বন্ধ রেখেছেন।
বিছনাকান্দি পাথর কোয়ারি এলাকার বগাইয়া হাওর, বিছনাকান্দি, হাদারপার, লামা হাদারপার, বেড়িবিল, পীরের বাজারসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন জায়গায় পাথরের কমপক্ষে পাঁচ শতাধিক স্তূপ রয়েছে। এসব স্তূপে শতাধিক কোটি টাকার পাথর রয়েছে বলে ব্যবসায়ীরা জানান। অপরদিকে পাথর বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকেরা কাজ না থাকায় আর্থিক কষ্টে পড়েছেন।
পাথরশ্রমিক হোসেন আলী জানান, পাথর বিক্রি না হওয়ায় তিন-চার মাস ধরে প্রায় ৩০-৩৫ হাজার পাথরশ্রমিক বেকার হয়ে পড়েছেন। এতে সবাই মানবেতর জীবন যাপন করছেন।
বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাদির জানান, ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পাথর কিনেছিলেন। এখন পাথর বিক্রি করতে না পারায় বিভিন্ন ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হক জানান, ব্যবসায়ীরা পাথর বিক্রি করতে না পারায় মহাবিপাকে পড়েছেন।