সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা দামের পাথর ভাঙার ১০টি যন্ত্র (স্টোন ক্রাশার মেশিন) অপসারণ করেছে টাস্কফোর্স। গতকাল মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই যন্ত্রের এক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পাথর ভাঙার কল পরিচালনায় আলাদা নীতিমালা আছে। এ নীতিমালা অনুযায়ী কোনো ‘জোন’ (অঞ্চল) ছাড়া পাথর ভাঙার যন্ত্র চালানো যাবে না। জাফলং পর্যটন এলাকা হওয়ায় যত্রতত্র কল স্থাপন করে পাথর ভাঙার কাজ করছিল স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পিয়াইন নদের তীর এলাকায় পরিবেশ অধিদপ্তরের সিলেট আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালা উদ্দিনের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে ছয়টি বড় আকারের পাথর ভাঙার যন্ত্র অপসারণ করা হয়। পরে জাফলংয়ের মামুরদোকান মোড় পর্যন্ত অভিযান চালিয়ে আরও চারটি যন্ত্র উচ্ছেদ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, বড় যন্ত্রগুলোর প্রতিটির মূল্য ৬ থেকে ৭ লাখ টাকা। ছোটগুলো ২ থেকে ৩ লাখ টাকা। এ হিসাবে অপসারণ করা ১০টি পাথর ভাঙার কলের দাম ৫০ লাখ টাকার ওপরে হবে।