পাথর মেরে ট্রেন থামালেন স্টেশন মাস্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল মালবাহী ট্রেন কেপি। লাল সংকেত দেখানোর পরও থামল না তা। বরং পূর্ণ গতিতে চলতেই থাকল ট্রেনটি। অন্যদিকে একই লাইনে বিপরীত দিকে যাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে উত্তরা এক্সপ্রেস।
শেষে আর উপায় না পেয়ে কেপির ইঞ্জিনে ঢিল ছোড়েন কর্মরত সহকারী স্টেশনমাস্টার। এরপর ট্রেন থামান চালক। এতে অল্পের জন্য রক্ষা পাওয়া যায় দুর্ঘটনা থেকে।
গতকাল রোববার জয়পুরহাটে এ ঘটনা ঘটে। এতে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসকে জয়পুরহাটে দাঁড়িয়ে থাকতে হয় বাড়তি দেড় ঘণ্টা। এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জয়পুরহাট রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আব্দুল খালেক বলেন, ভোর ছয়টার দিকে তেলবাহী ট্রেনটিকে দক্ষিণ দিকের আউট সিগন্যালে দাঁড় করানোর জন্য লাল সাংকেতিক বাতি দেখানো হয়েছিল। চালক যে ট্রেনটি থামাননি, তা তাঁকে মুঠোফোনে জানান তেঘর এলাকার পয়েন্টসম্যান আনিছুর রহমান। তখন আব্দুল খালেকের মনে হয়েছিল যে ট্রেনের চালক ঘুমিয়ে গেছেন। চালকের ঘুম ভাঙানোর জন্য তিনি ট্রেনের ইঞ্জিনে পাথর ছোড়েন। এরপর চালক জেগে উঠে ট্রেন থামান।
মালবাহী ট্রেনটির প্রধান চালক হিসেবে ছিলেন নুরুল ইসলাম। তাঁর সহকারী চালক ছিলেন খাইরুল ইসলাম।
ওই সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা উত্তরা এক্সপ্রেসকে একই লাইনে নেওয়ার সিগন্যাল দেওয়া ছিল। কিন্তু উত্তরা এক্সপ্রেসের চালক তেলবাহী ট্রেনের আলো দেখতে পেয়ে নিজের ট্রেনটি দাঁড় করিয়ে রাখেন। এ ঘটনায় শহরের প্রধান সড়কের ওপর লেভেল ক্রসিং ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত করতে দেড় ঘণ্টা সময় লাগে।
জয়পুরহাটের স্টেশনমাস্টার শওকত আলী বলেন, ‘আমার ধারণা, চালকেরা ওই সময় ঘুমিয়ে ছিলেন। পাথর মেরে চালককে জাগানোর কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে।’
চার সদস্যের ওই তদন্ত কমিটির প্রধান ও শান্তাহার রেলওয়ে কার্যালয়ের জুনিয়র ট্রাফিক পরিদর্শক (পরিবহন) হাবিবুর রহমান বলেন, কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখানে কর্মরতদের জবানবন্দি নিয়ে তদন্ত প্রতিবেদন দেবে।