পাথরকোয়ারিতে ২০টি ‘বোমা মেশিন’ ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরকোয়ারিতে ২০টি ‘বোমা মেশিন’ ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের অভিযানে মেশিনগুলো ধ্বংস করা হয়।মাটির তলদেশ থেকে পাথর উত্তোলন করায় উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন ব্যবহার নিষিদ্ধ রয়েছে। কোয়ারি সচল রাখার স্বার্থে ১৯ নভেম্বর কোয়ারির পানি উত্তোলনে সেচযন্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় পাথর উত্তোলন শুরু হয়। কিন্তু সেচযন্ত্রের আড়ালে বোমা মেশিন ব্যবহূত হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের দুই পরিদর্শকের উপস্থিতিতে বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযান চালানো হয়। এতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ ছিল। অভিযানে পাথরকোয়ারিতে ব্যবহূত অবস্থায় ছোট-বড় ২০টি বোমা মেশিন জব্দ করা হয়। এগুলোর মালিককে না পাওয়ায় ১৫টি ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয় এবং পাঁচটি পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানে ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক আবদুল মালেক। তিনি জানান, বোমা মেশিন ছাড়াও কিছু পাইপ ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে বোমা মেশিনের মালিকেরা সটকে পড়েন।