
বরগুনার পাথরঘাটা উপজেলায় বিষখালী ও বলেশ্বর নদে গতকাল মঙ্গলবার অস্বাভাবিক জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ১০ গ্রামের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া গত তিন দিনে অস্বাভাবিক জোয়ারের চাপে বিষখালী ও বলেশ্বর নদের বাঁধ এলাকার অন্তত ২০টি পরিবারের শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
এদিকে যশোরের কেশবপুর উপজেলায় ভদ্রা নদীর বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ৩০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পাথরঘাটা উপজেলার বিষখালী নদীসংলগ্ন জিনতলা বেড়িবাঁধের বাসিন্দা জামিলা বেগম (৮০)। গতকাল দুপুরে তাঁর ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে চার সদস্যের ওই পরিবার গৃহহারা হয়ে পড়েছে। তাঁর মতো আমেনা বেগম, সাহেরা বেগম, রফিকুল ইসলাম, কুলসুম বেগম, ফারুক হোসেন, নূর আলমসহ অন্তত ১০টি পরিবার গত তিন দিনে গৃহহীন হয়ে পড়েছে।
বলেশ্বর নদের তাফালবাড়িয়া, গাববাড়িয়া, রুহিতা ও পদ্মা এলাকার ১০টি পরিবার বাঁধ ভাঙনের কারণে আশ্রয়হীন হয়ে পড়েছে। এ ছাড়া বিষখালী ও বলেশ্বর নদের বেড়িবাঁধে নতুন করে অন্তত ২৫টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন ওই সব এলাকার কয়েক হাজার মানুষ।
এদিকে যশোরের কেশবপুর উপজেলায় ভদ্রা নদীর বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত হয়। এতে উপজেলার সন্ন্যাসগাছা ও গৌরীঘোনা গ্রামের ৩০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে।
গত শনিবার রাতে সন্ন্যাসগাছা গ্রামের বারখালী খালের নিচে ভদ্রা নদীর বাঁধ ভেঙে সন্ন্যাসগাছা ও গৌরীঘোনা গ্রামে পানি ঢুকে পড়ে। গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, ভদ্রা নদীর পানি প্রায় বাড়িতে ঢুকে পড়ে। এতে অন্তত ৫০টি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বলে জানিয়েছেন
বাসিন্দারা। আরও পানি বৃদ্ধির আতঙ্কে রয়েছেন গ্রামবাসী। নোনা পানি উঠে খেতের সবজি নষ্ট হয়ে গেছে। অন্তত ৫০টি চিংড়িঘের ভেসে গেছে।
গৃহবধূ রমিছা বেগম বলেন, ‘আমার পাকা রান্না ঘর আছে। কিন্তু পানি উঠে যাওয়ায় দুই দিন রান্না করতে পারিনি। পরিবারের লোকেরা দুই দিন চিড়া খেয়ে আছে।’ নূর ইসলাম বলেন, ‘এবারই প্রথম আমাদের বাড়িতে পানি উঠেছে। ঘরে ঘরে বিষধর সাপ উঠছে। ভয়ে আমরা বাড়ি থাকতে পারছি না।’
নূর আলী শেখ জানান, তিনি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে পুকুরে মাছ ছেড়েছিলেন। পানিতে তাঁর অন্তত ৫০ হাজার টাকার মাছে ভেসে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কেশবপুরের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, বাঁধটি পাউবোর নয়, তাই এটি স্থানীয়ভাবে মেরামত করতে হবে।