বরগুনার পাথরঘাটা ও পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সঙ্গে সরাসরি বাস চলাচল ১৮ দিন ধরে বন্ধ থাকায় দুই উপজেলার যাত্রীরা মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন। ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কে নসিমন, করিমনসহ ভাড়ায়চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে পিরোজপুর বাস মালিক ও শ্রমিক সমিতি এ দুই উপজেলায় বাস আসতে বাধা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।ভুক্তভোগীরা জানান, পিরোজপুর বাসমালিক সমিতি ও তাদের আওতাভুক্ত শ্রমিকেরা প্রতিদিন মঠবাড়িয়া থেকে সরাসরি ঢাকাগামী বাসগুলো চরখালীতে আটকে রাখছে। এতে পাথরঘাটা উপজেলার যাত্রীদের ৬০ ও মঠবাড়িয়া উপজেলার যাত্রীদের ২৯ কিলোমিটার দূরের চরখালীতে গিয়ে ঢাকার বাস ধরতে হচ্ছে। বাহনে করে যেতে হয়। এই ৬০ কিলোমিটার রাস্তা এতই খারাপ যে প্রতিদিনই এ পথে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। আর দুর্ভোগের কথা তো বলেই শেষ করা যাবে না। উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে পাথরঘাটা ও মঠবাড়িয়া থেকে সরাসরি বাস আবার চালুর দাবি জানানো হয়।পাথরঘাটা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, দক্ষিণাঞ্চলের অন্যতম মত্স্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা থেকে প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারি মোকামে পাঠানো হয়। এই মাছ কেনার জন্য দেশের বিভিন্ন মোকামের অসংখ্য ব্যবসায়ী প্রতিদিন পাথরঘাটায় আসেন। কিন্তু সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় এখানে ব্যবসা-বাণিজ্যে চরম মন্দাভাব দেখা দিয়েছে।পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল ওহাব তালুকদার এ বিষয়ে বলেন, নসিমন, করিমন, ট্রলার টেম্পো ও ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ অবৈধ। তার পরও এসব যানবাহন নির্বিঘ্নে চলছে। তা ছাড়া ঢাকার বাসগুলো পাথরঘাটা ও মঠবাড়িয়া থেকে লোকাল যাত্রী পরিবহন করায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পাশা গত মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, পিরোজপুরের প্রশাসনের সঙ্গে যৌথভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে।