পাথরঘাটা পৌর আ.লীগের নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির মামলায় বরগুনার পাথরঘাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সভাপতি নূরুল আমিন এবং বিএফডিসি মৎস্যঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অন্য যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন ছগীর হোসেন ও হেলাল কাজী। রাকিবুল আলম নামে এক ব্যক্তির গত ২৭ মে দায়ের করা একটি মামলায় গতকাল বুধবার বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে তাঁরা জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। বাদী রাকিবুল আলম জানান, পাথরঘাটা বিএফডিসিসংলগ্ন মসজিদের পাশে তাঁর দখলে থাকা জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে নূরুল আমিন ও তাঁর ছেলে মোস্তাফিজুর রহমানসহ সাত-আটজন বাধা দেন। তাঁরা ওই জমিতে থাকা একটি ঘর ভাঙচুর করেন। পরবর্তী সময়ে তাঁরা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা পরিশোধ করতে না পারায় দলীয় ও সমিতির প্রভাব খাটিয়ে তাঁরা ওই জমি দখল করে নেন।এসব অভিযোগ নূরুল আমিন ও মোস্তাফিজুর রহমান সব সময়ই অস্বীকার করে আসছেন।