পাথরঘাটা-মঠবাড়িয়া-চরখালী সড়কে খানাখন্দ ১২ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথরঘাটা-মঠবাড়িয়া-চরখালী ৫৯ কিলোমিটার রাস্তার এক যুগ ধরে বেহাল।এ কারণে অসংখ্য যাত্রীকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।গত অর্থবছরে ৩১ কিলোমিটার রাস্তার মেরামতকাজ শুরু হলেও অর্থ বরাদ্দ না হওয়ায় ঠিকাদারেরা ১৫ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন করে বাকি কাজ ফেলে রেখেছেন। তাই এ বছর বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ এ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সড়কটি বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা, পিরোজপুর জেলার মঠবাড়িয়া ও ভান্ডারিয়া এবং ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার প্রায় ১২ লাখ মানুষের সারা দেশে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম।খোঁজ নিয়ে জানা গেছে, জরুরি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ২০১০-২০১১ অর্থবছরে মঠবাড়িয়া-চরখালী সড়কের ২৯ কিলোমিটার অংশের গুদিঘাটা থেকে মাদারসি পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ২০১১ সালের ৮ মে সিলেটের ‘জনসেবী কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটি স্থানীয় কয়েকজন ঠিকাদারের কাছে কাজটি বিক্রি করে দেয়। সওজের পিরোজপুর কার্যালয় থেকে সংশ্লিষ্ট ঠিকাদারকে সংস্কারকাজ শুরুর জন্য কয়েক দফা চিঠি দেওয়ার পর তাঁরা দুই মাস আগে কাজ শুরু করে আবার ফেলে রাখেন।সংশ্লিষ্ট ঠিকাদার ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফি উদ্দীন আহমেঞ্চদ বলেন, ‘আমরা সাত কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন করেছি। বাকি সাত কিলোমিটারে খোয়া ফেলেছি। কিন্তু একটি টাকাও বিল পাইনি।’সওজ বরগুনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ পায় পটুয়াখালীর আবুল কালাম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের নামে বরগুনার আফজাল হোসেন নামের একজন ঠিকাদার কাজটি নেন। তিনি পাথরঘাটা হাসপাতাল থেকে থেকে বটতলা পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন করলেও বাকি কাজ ফেলে রেখেছেন। রাস্তার বাকি অংশ চলাচলের অনুপযোগী হওয়ায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের মাছবাহী ট্রাকগুলো প্রায়ই উল্টে পড়ে।ঠিকাদার আফজাল হোসেন বলেন, ‘কাজটি করাতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। এত অর্থ বিনিয়োগ করে একটি টাকাও বিল পাইনি। তাই অর্থাভাবে বাকি কাজ করাতে পারছি না।’সরেজমিন দেখা গেছে, মঠবাড়িয়া থেকে গুদিঘাটা পর্যন্ত বাকি ছয় কিলোমিটার রাস্তায় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। মুন্সিগঞ্জ বাজার থেকে কেরামতপুর বাজার এবং বটতলা থেকে সিঅ্যান্ডবি বাজার পর্যন্ত রাস্তা অসংখ্য খানাখন্দের কারণে যান চলাচলের অনুপযোগী।পাথরঘাটার বাসযাত্রী হুমায়ুন কবির খান বলেন, বাসে উঠলে জানে পানি থাকে না। পাথরঘাটা থেকে চরখালী পর্যন্ত ৬৯ কিলোমিটার রাস্তা যেতে যাত্রীদের দোয়া-দরুদ পড়তে হয়।সওজ বরগুনার নির্বাহী প্রকৌশলী এ টি এম রফিকুল ইসলাম বলেন, ‘বরাদ্দ না পাওয়ায় আমরা ঠিকাদারদের বিল দিতে পারিনি।’সওজ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘কার্যাদেশ দেওয়া ১৪ কিলোমিটার রাস্তা আগামী বর্ষার আগে মেরামতের জন্য ঠিকাদারদের নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে। এ ছাড়া মঠবাড়িয়া-গুদিঘাটা পর্যন্ত ছয় কিলোমিটার বেহাল সড়ক সংস্কারের কাজ অনুমোদনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’