পাথরঘাটা মহাবিদ্যালয় ক্লাস বন্ধ করে আ. লীগের বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা মহাবিদ্যালয়ের ক্লাস বন্ধ করে মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। কলেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও ক্লাসে আসে শিক্ষার্থীরা। সকালে কলেজে একটি মাত্র ক্লাস হয়। এরপর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার মাইকের শব্দে আর কোনো ক্লাস চলতে পারেনি। এ সময় উপজেলার সব কটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলে দলে কলেজ মাঠে আসেন। পরে কলেজে দিনব্যাপী বর্ধিত সভা হয়। ক্লাস বন্ধ করে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠানের কথা নিশ্চিত করে ওই কলেজের একাধিক শিক্ষক বলেন, কলেজে সকাল নয়টা থেকে পৌনে ১০টা পর্যন্ত একটি ক্লাস হয়। এরপর শিক্ষকেরা অবসর সময় কাটান। আর শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, কলেজে ক্লাস হয়েছে। তবে আওয়ামী লীগের বর্ধিত সভার জন্য বেলা দেড়টায় ছুটি দিয়ে দেওয়া হয়েছে।