বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রের ভবন সংস্কার, আড়তঘর মেরামত, জেটিঘাট ও সিঁড়ি নির্মাণসহ অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ক্রয় ও বিপণন পরিচালক মজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার অবতরণকেন্দ্র পরিদর্শনে এসে পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতি ও পাথরঘাটা মৎস্য ঘাট শ্রমিক ইউনিয়নের সঙ্গে এক যৌথ সভায় এ সিদ্ধান্তের কথা জানান। ওই অবতরণকেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার হুমায়ুন কবীরের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার, কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইসতিয়াক আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দিপন মজুমদার, পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, পাথরঘাটা মৎস্য ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ। প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র: ৩০ বছরেও সংস্কার হয়নি, ভোগান্তিতে মৎস্যজীবীরা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার বিএফডিসির ক্রয় ও বিপণন পরিচালক মজিবুর রহমান সরেজমিনে মৎস্য অবতরণকেন্দ্র পরিদর্শনে আসেন।