বরগুনার পাথরঘাটা শাখা সোনালী ব্যাংকে ভুয়া ও অনিয়মের অভিযোগে গত বুধবার চার লাখ ১০ হাজার টাকার ১২টি কৃষিঋণের নথি জব্দ করা হয়েছে৷ ওই শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মী ওই ঋণের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে৷
নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘পাথরঘাটা শাখা সোনালী ব্যাংকের মাঠকর্মী মিজানুর রহমান এক বছর ধরে দুই কোটি ২৯ লাখ টাকার ঋণ বিতরণ করেন৷ ওই ঋণের নথিপত্র তদন্ত করে ব্যাংকের পটুয়াখালী ও বরিশাল আঞ্চলিক কার্যালয়৷
তদন্তের মাঝপথে পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে গত বুধবার তদন্ত অসমাপ্ত রেখে চলে যেতে বাধ্য করা হয়৷ তবে তদন্তের সময় ভুয়া ও অনিয়ম সন্দেহে চার লাখ ১০ হাজার টাকার ১২টি কৃষিঋণের নথি জব্দ করেন তিনি৷
অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘জব্দ করার কথা শুনেছি৷ তবে কোন ঘটনায় কী নথি জব্দ করা হয়েছে তা আমার জানা নেই৷ আমি কোনো অনিয়ম করিনি৷’