পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু নেই আর নেই
বরগুনার পাথরঘাটা উপজেলার সোয়া দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৫০ শয্যার হাসপাতালে শুধু নেই আর নেই অবস্থা। উপজেলার দরিদ্র রোগীদের একমাত্র ভরসা এই হাসপাতাল। অথচ এখানে ন্যূনতম চিকিৎসাসেবাও মিলছে না বলে রোগীদের অভিযোগ।হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে ২০ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র চারজন। ১১ জন সেবিকার স্থলে আছেন পাঁচজন। আয়া, সুইপার ও ওয়ার্ডবয় আছেন একজন করে। এক্স-রে ও ইসিজির যন্ত্র দুটি প্রায় চার বছর ধরে নষ্ট। রোগ নির্ণয়ে সামান্য পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও নেই। এ ছাড়া অস্ত্রোপচার কক্ষে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় সেটি চালু করা যাচ্ছে না।সূত্র আরও জানায়, ২০০৫-২০০৬ অর্থবছরে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ জন্য অবকাঠামো নির্মাণ করা হলেও প্রয়োজনীয় চিকিৎসক-সেবিকা ও যন্ত্রপাতি সরবরাহ না করায় কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছে না রোগীরা। প্রতিদিন বহির্বিভাগে ২৫০-৩০০ জন এবং আন্তবিভাগে ৭০-৮০ জন রোগীদের চিকিৎসা দিতে গিয়ে স্বল্পসংখ্যক চিকিৎসকদের হিমশিম খেতে হয়।সূত্র জানায়, হাসপাতালের এক্স-রে ও ইসিজি যন্ত্রটি প্রায় চার বছর ধরে নষ্ট। জেনারেটরটিও প্রায়ই বিকল থাকে। ফলে রাতে বিদ্যুৎ চলে গেলে রোগীদের অন্ধকারে থাকতে হয়। দুটি অ্যাম্বুলেন্সের একটি নষ্ট প্রায় সাত-আট বছর ধরে। হাসপাতালের অবেদনবিদ আবু আল ফাত্তাহ বলেন, ‘প্রতিদিন গড়ে চার-পাঁচজন গর্ভবতী নারী আসেন সিজারিয়ান অপারেশনের জন্য। কিন্তু গাইনি চিকিৎসক না থাকায় আমরা তাঁদের সেবা দিতে পারি না। সুপেয় পানি না থাকায় রোগীদের চরম পানির কষ্টে ভুগতে হয়।’ তিনি বলেন, এই হাসপাতালে সমস্যার অন্ত নেই। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা পাথরঘাটার রুহিতা গ্রামের সোনাবরু গত বুধবার বলেন, ‘শ্বাসকষ্ট অওনে বেয়ানবেলা (সকাল) হাসপাতালে আইছি, কিন্তু একজন ডাক্তার নাই বইল্লা কেউরে দেহাইতে পারি নাই।’ হাসপাতালে ভর্তি চরদুয়ানি গ্রামের শ্যামল রায় বলেন, ‘দুই দিন ধইর্যা হাসপাতালে ভর্তি আছি, কিন্তু চিকিৎসা বলতে কিছুই অয় না। খালি সান্ত্বনা যে হাসপাতালে আছি, কিন্তু এইহানে কোনো চিকিৎসা নাই। ডাক্তার না থাকলে চিকিৎসা দেবে কারা ?’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘চিকিৎসক-সংকটের কারণে আমরা রোগীদের সঠিকভাবে চিকিৎসাসেবা দিতে পারছি না। তবুও সীমিত সামর্থ্যের মধ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। চিকিৎসক-সংকটের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার অবহিত করেছি।’