পাথরঘাটায় বাঁধের সাড়ে তিন হাজার গাছ কেটে ফেলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলার তালতলা থেকে চরদুয়ানি পর্যন্ত ১১ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশের গাছ কেটে নেওয়া হচ্ছে। গত মঙ্গলবার মুন্সিগঞ্জ এলাকা থেকে তোলা ছবি ষ প্রথম আলো
বরগুনার পাথরঘাটা উপজেলার তালতলা থেকে চরদুয়ানি পর্যন্ত ১১ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশের গাছ কেটে নেওয়া হচ্ছে। গত মঙ্গলবার মুন্সিগঞ্জ এলাকা থেকে তোলা ছবি ষ প্রথম আলো

গত ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে উপকূলীয় জেলা বরগুনায় বিপুলসংখ্যক গাছের ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন বাঁধ। ওই ক্ষতির ধকল কাটতে না কাটতেই জেলার পাথরঘাটা উপজেলায় ১১ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশের প্রায় সাড়ে তিন হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। এতে বাঁধটির স্থায়িত্বের পাশাপাশি এলাকার পরিবেশ হুমকিতে পড়েছে।
পাথরঘাটা বন বিভাগের কর্মকর্তারা জানান, সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় পাথরঘাটার তালতলা থেকে চরদুয়ানি পর্যন্ত ১১ দশমিক ২ কিলোমিটার ওই বাঁধের দুই পাশের তিন হাজার ৩৩৩টি রেইনট্রি, চাম্বল, কড়ই ও বাবলাগাছ দরপত্রের মাধ্যমে গত জুনের প্রথম সপ্তাহে বিক্রি করে দেওয়া হয়েছে। ৫৭টি গুচ্ছে এসব গাছ কিনেছেন ২৩ জন ঠিকাদার। কার্যাদেশ পাওয়ার পর জুলাইয়ের শেষ সপ্তাহে গাছগুলো কাটা শুরু করেন ঠিকাদারেরা। ইতিমধ্যে তাঁরা এক হাজার ৬০০টি গাছ কেটে নিয়েছেন।
বন বিভাগের তত্ত্বাবধানে ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত স্থানীয় কয়েকটি বেসরকারি সংগঠন (এনজিও) ও এলাকার উপকারভোগীদের নিয়ে ওই সব গাছ রোপণ করা হয়েছিল। বিভিন্ন সংরক্ষিত বন ছাড়াও গ্রামীণ রাস্তা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে এই সময়ের মধ্যে কয়েক হাজার গাছ রোপণ করা হয়। বিভাগীয় বন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৬ মে মহাসেনের ছোবলে জেলায় ৬৬ লাখ ৮৫ হাজার গাছ ক্ষতিগ্রস্ত হয়।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট এনজিওর কর্মকর্তারা জানান, বিভিন্ন এনজিও, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পানি উন্নয়ন বোর্ডকে সঙ্গে নিয়ে অংশীদারির ভিত্তিতে গাছগুলো রোপণ করা হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী, এসব গাছের ৬৫ ভাগের মালিক হবে উপকারভোগীরা (এলাকাবাসী)। এনজিও, পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদ ১০ ভাগ করে এবং বন বিভাগ অবশিষ্ট পাঁচ ভাগের মালিকানায় থাকবে। পরিণত বয়সে গাছগুলো বিক্রির সময় সব পক্ষের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে।
গ্রাম বনায়ন সমিতির সাধারণ সম্পাদক শৈলেন্দ্র রানী জানান, ২৫ বছর আগে লাগানো এসব গাছ গড়ে এক হাজার ২০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমান বাজারদরে একটি গাছের দাম ন্যূনতম ৫ থেকে ১২ হাজার টাকা। তাঁর অভিযোগ, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আর্থিক সুবিধার বিনিময়ে ও উপকারভোগীদের মতামত ছাড়া অস্বাভাবিক কম দামে গাছগুলো বিক্রি করে দিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, মুন্সিগঞ্জ সেতু থেকে উত্তর দিকে এবং স্থানীয় আবাসন এলাকায় বুধবার ৩০ থেকে ৩৫ জন শ্রমিক গাছ কাটছেন। কেটে ফেলা গাছের গোড়া উপড়ে ফেলায় বাঁধের দুই পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন বিভাগের চেয়ারম্যান আলমগীর কবির জানান, উপকূলে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পাথরঘাটা উপজেলায় বিপুলসংখ্যক গাছ কাটার সিদ্ধান্ত নেওয়ার আগে বাঁধ ও পরিবেশের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবেচনায় নেওয়া উচিত ছিল। একসঙ্গে এত গাছ কাটার সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত।
ঠিকাদার ও উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘আমরা বৈধ পন্থায় এসব গাছ কিনেছি। সমস্যা করলে বন বিভাগের কর্মকর্তারা করেছেন। এতে আমাদের কোনো দায় নেই।’
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা সোলায়মান জানান, গাছ বিক্রির আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ হয়েছে। আর প্রতিযোগিতার মাধ্যমে এসব গাছ বিক্রি করায় কম দামে এগুলো বিক্রির সুযোগ নেই। পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, বিক্রীত অর্থ পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পক্ষের মধ্যে ভাগ করে দেওয়া হবে ও আবার গাছ লাগানো হবে।
এদিকে বাঁধের স্থায়িত্ব ও পরিবেশ হুমকিতে পড়বে জেনেও কেন গাছ বিক্রি করে দেওয়া হলো, এমন প্রশ্নের কোনো সদুত্তর বন বিভাগের কর্মকর্তারা দিতে পারেননি।