পাথরঘাটায় সহায়তার এক কোটি ৩২ লাখ টাকা ফেরত গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ করা এক কোটি ৩২ লাখ টাকা ফেরত গেছে। এতে উপজেলার এক হাজার ৩২০টি পরিবার গৃহনির্মাণের সহায়তা থেকে বঞ্চিত হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মহাসেনে ক্ষতিগ্রস্ত ওই সব পরিবারের জন্য এই অর্থ বরাদ্দ করে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। বরাদ্দ অর্থে প্রতিটি পরিবারকে গৃহ নির্মাণের জন্য দুই বান্ডিল (১৮টি) ঢেউটিন এবং নগদ এক হাজার ৫৩০ টাকা দেওয়ার কথা। সহায়তার জন্য পাথরঘাটা পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়ন থেকে এক হাজার ৩২০টি সুবিধাভোগী পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়।
এ তালিকা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অনুমোদনও করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শওকত হাছানুর রহমান। টিন কেনার জন্য সভার সদস্য ও পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামানকে আহ্বায়ক এবং পিআইও এম এ মাহাবুব হোসেনকে সদস্যসচিব করে নয় সদস্যের ক্রয় কমিটি গঠন করা হয়। ৩০ জুনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এই সহায়তা দেওয়ার কথা ছিল।
পিআইও বলেন, ৩০ জুনের মধ্যে এ কাজ বাস্তবায়নে মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল। কিন্তু লোকবল-সংকটের কারণে যথাসময়ে কাজ করতে না পারায় বরাদ্দ করা টাকা ফেরত পাঠানো হয়েছে।
উপজেলা চেয়ারম্যান বলেন, বরাদ্দ করা টাকায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য কম সময় পাওয়ার ওই টাকা তুলে রাখা হয়েছিল। পরে ৩০ জুনের মধ্যে সহায়তার কাজ বাস্তবায়ন না করতে পারায় ওই টাকা ফেরত পাঠানো হয়েছে।
স্থানীয় সাংসদ গোলাম সবুর বলেন, ‘যথাসময়ে কাজ বাস্তবায়ন করা তাঁদের উচিত ছিল। ওই সময়ের মধ্যে কাজ বাস্তবায়ন করতে না পারায় টাকা ফেরত গেছে। তবে ওই টাকা ফেরত আনার ব্যাপারে আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অনুরোধ করব।’