পাথরঘাটার দুটি গ্রামে বাঘ আতঙ্ক বন বিভাগের মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের সন্ধানে লোকালয়ের ছুটে আসছে সুন্দরবনের বাঘ (রয়েল বেঙ্গল টাইগার)। গত রোববার লোকালয়ে আসা বাঘের আক্রমণে বরগুনার পাথরঘাটা উপজেলার আবুল কালাম (৪৫) আহত হয়েছেন। উপজেলার হাজিরখাল গ্রামে দেখা গেছে বাঘের পায়ের ছাপ। এ কারণে পাথরঘাটার সুন্দরবনসংলগ্ন হাজিরখাল ও টেংরা গ্রামের মানুষের মধ্যে বাঘের আতঙ্ক বিরাজ করছে। শনিবার এ ব্যাপারে এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোরে শরণখোলা রেঞ্জের চরখালী বিটের দক্ষিণ শুয়ারগুদি খালে মাছ ধরতে যান পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের আবুল কালাম। সকাল আটটার দিকে একটি বাঘ হঠাত্ করে তাঁকে আক্রমণ করে। এ সময় তাঁর ছোট ভাই খোকন এগিয়ে এসে কুড়াল দিয়ে বাঘটির মাথায় আঘাত করলে আবুল কালাম প্রাণে রক্ষা পান। বাঘের থাবায় আবুল কালামের মুখের ডান পাশ ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। আবুল কালামকে গুরুতর জখম অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, বিষয়টি শোনার পর পুলিশ পাথরঘাটা হাসপাতালে গিয়ে আহত জেলে কালামকে দেখে এসেছে। তিন দিন ধরে পাথরঘাটার হাজিরখাল ও টেংরা গ্রামের লোকজনের মধ্যে বাঘের আতঙ্ক বিরাজ করছে। বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করে দেওয়ার পর এ আতঙ্ক আরও বেড়েছে।টেংরা গ্রামের জেলে আলতাফ হোসেন জানান, লালমিয়াসহ কয়েকজন জেলে শুক্রবার বিকেলে স্থানীয় হাজিরখাল বনের মধ্যে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তাঁরা বিষয়টি এলাকাবাসীকে জানালে গোটা এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। টেংরা ও হাজিরখাল এলাকার বন্য নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাসকারী কয়েক শ পরিবার বাঘের ভয়ে লোকালয়ে ও খোলা জায়গায় আশ্রয় নিয়েছে।হাজিরখাল গ্রামের বাসিন্দা আলী আকবর জানান, খাবারের সন্ধানে অনেক সময় বাঘ নদী সাঁতরে গহিন বন ছেড়ে লোকালয়ে চলে আসে। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা আ. লতিফ জানান, তাঁরা শনিবার বিকেলে মাইকিং করে এলাকাবাসীকে নিরাপদে থাকার জন্য সতর্ক করে দিয়েছেন।