
চট্টগ্রামের পাথরঘাটা ফিশারিঘাটের মাছের পাইকারি বাজার আজ বৃহস্পতিবার সকাল থেকে আবারও চালু করার ঘোষণা দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল বুধবার বিকেলে ফিশারিঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। সমাবেশে মহিউদ্দিন চৌধুরী প্রত্যেক মাছ ব্যবসায়ীকে লাঠি রাখার নির্দেশ দেন। কেউ বাধা দিতে এলে লাঠি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নগরের ইকবাল রোডের ফিশারিঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বাকলিয়া চর চাক্তাই এলাকায় ‘ওয়াক্ফ এস্টেটে’ মাছের পাইকারি বাজার স্থানান্তরের প্রতিবাদে সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি গতকাল এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ ছিদ্দিক সওদাগর।
গত ২২ ফেব্রুয়ারি ফিশারিঘাটে মাছের পাইকারি বাজার চর চাক্তাই এলাকায় স্থানান্তরিত হয়। নতুন মাছের বাজারটি ওয়াক্ফ এস্টেটে গড়ে তোলা হয়েছে বলে আজিজ উল্লাহ ওয়াক্ফ এস্টেট কর্তৃপক্ষ গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে।
গতকালের সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ওয়াক্ফ এস্টেটের জায়গায় মাছের পাইকারি বাজার কেন হবে? নতুন জায়গায় মাছের পাইকারি বাজার স্থানান্তরের জন্য ২০ কোটি টাকা লেনদেন হয়েছে বলে আমার কাছে তথ্য আছে। হঠাৎ করে টাকার লোভে নতুন জায়গায় বাজার স্থানান্তর নগরবাসী মেনে নেবে না। নতুন বাজার করার আগে সিডিএর অনুমোদন নেওয়া হয়নি। আমি জেলা প্রশাসককে বলব, মাছের নতুন পাইকারি বাজারসহ কর্ণফুলী নদীর দুদিকের জায়গা জরিপ করে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করুন। আমরা আপনাদের সহযোগিতা দেব।’
মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, ডাকাতদের তত্ত্বাবধানে চর চাক্তাই এলাকায় মাছের বাজার চলছে। এ জন্য যেসব আড়তদারের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তা ২৫ মার্চের মধ্যে ফেরত দেওয়ার দাবি জানান তিনি।