পাথরঘাটার ফিশারিঘাটে মাছের পাইকারি ব্যবসা আবার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পাথরঘাটার ফিশারিঘাটে মাছের পাইকারি ব্যবসা আবার চালু হয়েছে। সকাল থেকে ফিশারিঘাট ক্রেতা-বিক্রেতার ভিড়ে সরগরম হয়ে ওঠে। প্রথম দিন বেচাকেনা ভালোই হয়েছে বলে জানান আড়তদারেরা।

গতকাল সকালে ফিশারিঘাটে ব্যবসায়ীদের উদ্দেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, সোনালী যান্ত্রিক মৎস্যশিল্প সমবায় সমিতি লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম আবারও শুরু হয়েছে। এখান থেকে কেউ আড়ত সরানোর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না।

এ সময় উপস্থিত ছিলেন সোনালী যান্ত্রিক মৎস্যশিল্প সমবায় সমিতির নেতা মোহাম্মদ ছিদ্দিক, শামসুল আলম প্রমুখ।

গত ২২ ফেব্রুয়ারি পাথরঘাটার মাছের আড়ত বাকলিয়ার চর চাক্তাই এলাকায় সরিয়ে নেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ কারণে পাইকারি মাছ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। চর চাক্তাই এলাকার নতুন আড়ত ওয়াক্ফ এস্টেটের জায়গা দখল করে করা হয়েছে বলে আজিজ উল্লাহ ওয়াক্ফ এস্টেট কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে অভিযোগ করে।