পাথরঘাটার ২৫টি শাখা ডাকঘরের কার্যালয় নেই
বরগুনার পাথরঘাটায় ২৯টি শাখা ডাকঘরের মধ্যে ২৫টির কোনো কার্যালয় নেই। এসব ডাকঘরের কার্যক্রম চলছে সংশ্লিষ্ট পোস্টমাস্টারের বাড়ি বা স্থানীয় বাজারের কোনো দোকানে।পাথরঘাটা সাব ডাকঘরের পোস্ট মাস্টার রনজিত চন্দ্র সরকার বলেন, কার্যালয় বা ভবন না থাকলেও ডাকঘরের কার্যক্রম শাখা পোস্ট মাস্টারদের চালিয়ে নিতে হচ্ছে। তিনি জানান, এই সাব ডাকঘরের আওতাধীন ১৬টি শাখা ডাকঘরের মধ্যে ১৪টির কোনো ভবন বা কার্যালয় নেই। এগুলো হচ্ছে: আজিজাবাদ, কড়মজাতলা, কালমেঘা, কামারহাট, ঘুটাবাছা, চরদুয়ানি, জ্ঞানপাড়া, নিশানবাড়িয়া, পশ্চিম তালুকের চরদুয়ানি, বুরজুকপুর, মুন্সিরহাট কালিবাড়ী, হাঁড়িটানা, হোসাইপুর ও হাতেমপুর ডাকঘর।কাকচিড়া সাব ডাকঘরের পোস্ট মাস্টার আনছার আলী জানান, কাকচিড়া সাব ডাকঘরের আওতাধীন ১৩টি শাখা ডাকঘরের মধ্যে ১১টির কোনো ভবন বা কার্যালয় নেই। এগুলো হচ্ছে: ছোট ভাইজোড়ার হাট, দারুস ছালাম, বোরহান মহল, মনিপুর, মাদারতলী, মানিকখালী, রায়হানপুর, রূপধন, লেমুয়া, শতকর বেতমোর ও হোগলপাতি। স্থানীয় ডাকঘর সূত্রে জানা গেছে, মুন্সিরহাট, চরদুয়ানি, পশ্চিম তালুক চরদুয়ানি ও নিশানবাড়িয়া শাখা ডাকঘরের রানার পদে লোক নেই দীর্ঘদিন ধরে। সরেজমিনে দেখা গেছে, কাকচিড়া সাব ডাকঘরের আওতাধীন রায়হানপুর ও লেমুয়া ডাকঘর দুটির কার্যক্রম চলছে লেমুয়া বাজারে। ওই বাজারের রেজাউল করিমের ওষুধের দোকানে লেমুয়া ডাকঘর ও সৈয়দ তারিকুল ইসলামের পেট্রলের দোকানে রায়হানপুর ডাকঘরের কাজ চলছে। মাদারতলী ডাকঘরের কার্যক্রম চলছে মাদারতলীর মেয়রহাটের একটি দোকানে।পাথরঘাটা সাব ডাকঘরের আওতাধীন কাঁঠালতলীর আজিজাবাদ ডাকঘরের কার্যক্রম চলছে পোস্ট মাস্টার মনজুর মোর্শেদের বাড়িতে। নিশানবাড়িয়া ডাকঘরের কাজ চলছে ওই ডাকঘরের পিয়ন মকবুল মোল্লার নিশানবাড়িয়া খেয়াঘাটের মুদি দোকানে।আজিজাবাদ ডাকঘরের পোস্ট মাস্টার মনজুর মোর্শেদ বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে এ ডাকঘরের নিজস্ব কোনো পাকা ভবন বা কার্যালয় তৈরি হয়নি। তাই আমার বাড়ির একটি কক্ষে ডাকঘরের কার্যক্রম চলছে। আমার মতো একইভাবে পাথরঘাটা ও কাকচিড়া সাব ডাকঘরের ২৫টি শাখার পোস্ট মাস্টারদের নিজ ঘরে বা তাঁদের কোনো দোকানে ডাকঘরের কাজ চালিয়ে নিতে হচ্ছে।’বরগুনা প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মোহামঞ্চদ মুসা বলেন, বেশ কয়েকটি জায়গায় পাকা ভবন বা কার্যালয়ের জন্য জমি পাওয়া যাচ্ছে না। যেখানে ডাকঘরের জমি পাওয়া যাবে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে ভবন করার প্রক্রিয়া চলছে। পাথরঘাটা সাব ডাকঘরের ভবন সংস্কারের প্রয়োজনীয়তা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।