পাথরঘাটায় অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের মামলায় বরগুনার পাথরঘাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার দুপুরে পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক নোমান মঈনউদ্দিন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷
আদালত-সংশ্লিষ্ট ও আইনজীবী সূত্রে জানা গেছে, পাথরঘাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. খলিলুর রহমান পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ গোলাম সবুরের স্বাক্ষর জাল করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় নয় লাখ টাকা আত্মসাৎ করেন৷ এ অভিযোগে ব্যবস্থাপনা পর্ষদের সাবেক সদস্য আকন মো. শহিদ গত ৩ নভেম্বর অধ্যক্ষ মো. খলিলুর রহমানের বিরুদ্ধে পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন৷ তদন্তে স্বাক্ষর জাল করার ঘটনা প্রমাণিত হয়৷
ওই মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন শেষে অধ্যক্ষ গত রোববার পাথরঘাটার আদালতে হাজির হন৷ আদালত গতকাল মামলার শুনানির জন্য দিন নির্ধারিত করেন৷ গতকাল ওই শুনানিতে অধ্যক্ষ হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন৷ আদালত সময় নামঞ্জুর করে অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷
অধ্যক্ষের আইনজীবী আবদুল মোতালেব বলেন, জামিন শেষে শুনানিতে মক্কেল হাজির না হওয়ায় আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে খলিলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷
মামলার বাদী আকন মো. শহিদ প্রথম আলোকে বলেন, সাবেক সাংসদ গোলাম সবুরের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে৷ তবে অধ্যক্ষ মো. খলিলুর রহমান এ অভিযোগ অস্বীকার করেছেন৷