পাথরঘাটায় অপচিকিৎসায় আরও এক প্রসূতির মৃত্যু
বরগুনার পাথরঘাটায় ভুল চিকিৎসায় আসমা বেগম (২১) নামের আরও এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত ১ অক্টোবর শাপলা নামের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই প্রসূতির একটি পুত্রসন্তান প্রসব করান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনিষ্ঠ অবেদনবিদ আবুল ফাত্তাহ। এর পর থেকেই ওই প্রসূতি গুরুতর অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।আসমার স্বামী পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের দিনমজুর মুসা অভিযোগ করেন, ১ অক্টোবর সকালে তাঁর স্ত্রীকে শাপলা ক্লিনিকে ভর্তি করানো হয়। ওইদিন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল ফাত্তাহ আসমার অস্ত্রোপচার করেন। এর পর থেকেই আসমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় ও পেট ফুলে যায়। পরে অবস্থার অবনতি হলে ২৬ অক্টোবর রোগীকে পুনরায় শাপলা ক্লিনিকে ভর্তি করানো হয়। পরে ক্লিনিকের চিকিৎসক চিত্তরঞ্জন ২৬ অক্টোবর দ্বিতীয় দফায় তাঁর পেটে অস্ত্রোপচার করলে অবস্থার আরও অবনতি হয়। শুক্রবার বিকেলে আসমাকে আবার গুরুতর অবস্থায় শাপলা ক্লিনিকে ভর্তি করা হলে ক্লিনিকের মালিক তাঁর লোকজন দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ গতকাল শনিবার বরগুনা মর্গে পাঠানো হয়েছে।যোগাযোগ করা হলে চিকিৎসক আবুল ফাত্তাহ বলেন, ‘আমি এক মাস আগে ওই প্রসূতির সিজারিয়ান অপারেশন করেছি। এরপর জটিলতা হওয়ায় রোগীকে বরিশালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তারা রোগীকে বরিশালে না নিয়ে পুনরায় শাপলা ক্লিনিকে ভর্তি করায় এবং সেখানে চিত্তরঞ্জন নামের এক চিকিৎসক পুনরায় তাঁর অপারেশন করেন বলে শুনেছি।’ অবেদনবিদ হয়ে সিজারিয়ান অপারেশন করতে পারেন কি না, এমন প্রশ্ন করা হলে আবুল ফাত্তাহ বলেন, ‘সিজারের ওপর আমার পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে।’দ্বিতীয় দফায় অস্ত্রোপচারকারী চিকিৎসক চিত্তরঞ্জন প্রথম আলোকে বলেন, ‘২৬ অক্টোবর আসমা বেগমকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, তাঁর পেটে ইনফেকশন হয়ে পুঁজ জমা হয়ে গেছে। আমি রোগীর স্বজনদের তাঁকে দ্রুত বরিশালে নিয়ে যেতে পরামর্শ দিই। কিন্তু তাঁর স্বজনেরা আমাকে অপারেশন করার জন্য অনুনয়-বিনয় করলে আমি তাঁর পেটে অপারেশন করে পুঁজ অপসারণ করি।’ এ ধরনের অস্ত্রোপচার করার ব্যাপারে প্রশিক্ষণ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমি ২৫ বছর ধরে বিভিন্ন হাসপাতালে এ ধরনের অপারেশন করে অভিজ্ঞতা অর্জন করেছি।’এর আগে গত ৫ সেপ্টেম্বর পাথরঘাটা পৌর শহরের হাসপাতাল রোডের সার্জিক্যাল ক্লিনিকে তাজেনূর বেগম নামের এক প্রসূতির অস্ত্রোপচার করাতে গিয়ে তাঁর মৃত্যু হয়। ৫ জুন বরগুনা জেনারেল হাসপাতালে অর্চণা রারী নামের আরেক প্রসূতিকে অস্ত্রোপচার করেন হাসপাতালের কনিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ কামরুল ইসলাম। পরদিন তাঁর মৃত্যু হয়। একইভাবে বরগুনা শহরের আল মানার ইসলামী হাসপাতালে গত ১৪ অক্টোবর অস্ত্রোপচার করার পর সখিনা বেগম নামের এক প্রসূতির অবস্থার অবনতি ও ১৯ অক্টোবর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই হাসপাতালে গত আগস্টের প্রথম সপ্তাহে শাহনাজ বেগম নামের আরেক গৃহবধূর পেটে টিউমার অপারেশন করাতে গিয়ে চিকিৎসকেরা ভুলে তাঁর জরায়ু কেটে ফেলেন। একই হাসপাতালে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চম্পা বেগম নামের আরেক গৃহবধূর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাতে গিয়ে তাঁর মূত্রনালি কেটে ফেলেন চিকিৎসকেরা। বর্তমানে চম্পা বেগম প্রস্রাব নিয়ন্ত্রণ করতে না পারায় গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।