পাথরঘাটায় অবাধে বিক্রি হচ্ছে ভেজাল ওষুধ
বরগুনার পাথরঘাটা উপজেলা ভেজাল ওষুধে সয়লাব। পৌর শহরসহ গ্রামের প্রত্যন্ত হাটবাজারেও অবাধে এ ভেজাল ওষুধ বিক্রি হচ্ছে। একশ্রেণির অসাধু চক্র ও ওষুধ ব্যবসায়ীর হাত ধরে ক্রেতার হাতে পৌঁছে যাচ্ছে ওই ভেজাল ওষুধ। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তসহ প্রতিদিন প্রতারিত হচ্ছেন কয়েক হাজার মানুষ।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিংকন অধিকারী প্রথম আলোকে বলেন, ভেজাল ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা খুবই জরুরি। ভ্রাম্যমাণ আদালত ও ওষুধ প্রশাসন এ ব্যাপারে অভিযান পরিচালনা করতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে পাথরঘাটার একাধিক ওষুধ ব্যবসায়ী ও বিক্রয় প্রতিনিধি জানান, পাথরঘাটা পৌর শহরসহ গ্রামের প্রত্যন্ত হাটবাজারে কয়েক বছর ধরে ফার্মেসিতে ভেজাল ওষুধ বিক্রি চলছে। একশ্রেণির অসাধু চক্রের যোগসাজশে ফার্মেসির ওষুধ ব্যবসায়ীরা এ ভেজাল ওষুধের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এমনকি স্কয়ার, বেক্সিমকো, অপসোনিন, ইনসেপটাসহ বেশ কিছু নামীদামি কোম্পানির মোড়কে ভেজাল ওষুধ ফার্মেসিতে দেদার বিক্রি চলছে।
পাথরঘাটা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ সরবরাহ ও বিক্রি করে আসছে। সম্প্রতি ভুক্তভোগী আমিনুর বেগম নামের এক নারীর মামলায় ওষুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ও চক্রপ্রধান শেখ রাজু আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ফার্মেসি ও বাসভবন থেকে কয়েকটি নামীদামি কোম্পানির মোড়কে থাকা ভেজাল ওষুধ জব্দ করা হয়। ওষুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন উপজেলার হাড়িটানা বাজারের মা মেডিকেল হলের স্বত্বাধিকারী ও শেখ রাজু আহম্মেদ বাকফো ফার্মাসিউটিক্যালসের পাথরঘাটা বিক্রয় প্রতিনিধি।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ভেজাল ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সাদ্দাম হোসেন ও শেখ রাজু আহম্মেদ গত সোমবার আদালতে ৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঢাকার মিটফোর্ড থেকে ওই ভেজাল ওষুধ এনে তারা পাথরঘাটায় এ ব্যবসা করেন।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পাথরঘাটা বিক্রয় প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন, ‘পাথরঘাটায় ভেজাল ওষুধ বিক্রি হয়, এ কথা আমরাও শুনে থাকি। বেশ কয়েকটি অসাধু চক্র এ কাজ করছে। অধিক মুনাফার আশায় নামমাত্র মূল্যে ভেজাল ওষুধ ক্রয় করছেন ব্যবসায়ীরা।’
জানতে চাইলে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. কামরুল হুদা বলেন, ‘এ ঘটনায় ওষুধ প্রশাসনের সঙ্গে আলোচনা করে অভিযানের উদ্যোগ নেওয়া হবে। তবে বিষয়টি আমাদের পক্ষ থেকেও খতিয়ে দেখা হচ্ছে।’
এ ব্যাপারে বরগুনা জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালি গত বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমরাও শুনেছি। তবে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে ভেজাল ওষুধের বিরুদ্ধে পাথরঘাটায় দ্রুত অভিযান পরিচালনা করা হবে।’