পাথরঘাটায় অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকায় বিষখালী নদীর চর দখল করে গড়ে তোলা ‘টিএবি ব্রিকস’ নামে অবৈধ ইটভাটায় গতকাল সোমবার অভিযান চালিয়ে এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ভাটাটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২২ ফেব্রুয়ারির মধ্যে ভাটাটির সব মালামাল ও অবকাঠামো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বেলা ১১টার দিকে এই অভিযান চালান। এ সময় পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকায় বিষখালী নদীর চর ভরাট করে সেখানে ওই ভাটাটি স্থাপন করেন ওয়াদুদুর রহমান নামে বরগুনার এক ব্যবসায়ী। ভাটাটিতে ড্রাম চিমনি স্থাপন করে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছিল। এ নিয়ে গত ১১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘পাথরঘাটার চরে অবৈধ ইটভাটা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।