পাথরঘাটায় অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিনজনের ওপর অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার সকালে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের সহায়তায় বন্ধুসভা এই কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টায় শহরের সদর রোডে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা অংশ নেন।
এ সময় সমাবেশে বক্তরা বলেন, বরগুনায় অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের কোনো কার্যক্রম নেই। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অনুমোদন ছাড়াই অ্যাসিড ব্যবহার হওয়ায় অ্যাসিড সহজলভ্য হয়ে উঠেছে। ফলে জেলায় অ্যাসিড-সন্ত্রাসের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
তাঁরা অবিলম্বে পাথরঘাটায় মা ও দুই মেয়ের ওপর অ্যাসিড নিক্ষেপকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন, বেসরকারি সংস্থা অন্বেষার পরিচালক ও মানবাধিকার কর্মী মো. শামসুদ্দিন, বন্ধুসভার উপদেষ্টা চারুশিল্পী মাসউদ সিকদার, প্রেসক্লাবের সহসভাপতি হাফিজুর রহমান, উদীচীর আতিকুর রহমান, বন্ধুসভার গোলাম রাসুল, আকতারুজ্জামান, পূর্ণিমা রায়, রানা তালুকদার প্রমুখ।
গত বুধবার রাতে বরগুনার পাথরঘাটা থানাসংলগ্ন বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী রুস্তুম আলীর বাড়িতে ঢুকে বোরকা পরিহিত অজ্ঞাতপরিচয় এক দুর্বৃত্ত তাঁর স্ত্রী ফাতিমা বেগম (৩৫), মেয়ে পাথরঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার (১৮) ও মারজানা আক্তারের (১১) ওপর অ্যাসিড ছুড়ে মারে।
এতে ফারজানার মুখমণ্ডল, দুই হাতের কবজিসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
ফারজানাকে রক্ষা করতে এলে তাঁর ছোট বোন ও মায়ের ওপরও অ্যাসিড ছুড়ে মারে ওই দুর্বৃত্ত। এতে তাঁরাও সামান্য দগ্ধ হন।