বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কবীর, যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তফা জামান ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিল্পী বেগমসহ ১০ নেতাকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত অন্য নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক গোলাম অহিদ, সহদপ্তর সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম নাসির, কাঠালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মল্লিক মো. ফারুক।
ওই ১০ নেতার বহিষ্কারাদেশ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা আওয়ামী লীগের কাছে গতকাল মঙ্গলবার ডাকযোগে সুপারিশপত্র পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, বরগুনা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে এবং স্বতন্ত্র এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর দায়ে গঠনতন্ত্রের ধারা ৪৬ (ঞ) ও (ঠ) মোতাবেক ওই ১০ নেতাকে বহিষ্কর করা হয়েছে। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের গত ২৮ ডিসেম্বরের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাবির হোসেন জানান, বরগুনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমানের প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন শিকদারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের ১০ জন নেতা। দলের গঠনতন্ত্রবিরোধী কাজ করা ও দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে বহিষ্কার করার ক্ষমতা উপজেলা আওয়ামী লীগের নেই। একইভাবে উপজেলা যুবলীগের সভাপতি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার ক্ষমতাও উপজেলা আওয়ামী লীগের নেই। এটি নিজ নিজ সংগঠনের এখতিয়ার। এভাবে বহিষ্কারের নামে নেতা-কর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে।