পাথরঘাটায় আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে গত মঙ্গলবার রাতে আগুনে বিপুল পরিমাণ ওষুধ পুড়ে গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে পরিত্যক্ত ভবনের একটি কক্ষে আকস্মিক আগুন লাগে। এ সময় ওষুধের বোতল ফাটার বিকট শব্দে রোগী ও তাদের স্বজনেরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। মহিলা-পুরুষ উভয় ওয়ার্ডের রোগীরা অনেকে হাসপাতাল ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেয়। পরে পাথরঘাটা দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, প্রায় ছয় লাখ টাকার ওষুধ পুড়ে গেছে। রাতেই পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত হাসানুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবুল আল ফাত্তাহ বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে।বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম গত বুধবার দুপুরে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ শত্রুতাবশত আগুন লাগিয়েছে। যে কক্ষটিতে আগুন লেগেছে, সেটিতে ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের পর সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া ওষুধ রাখা ছিল। বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ওষুধ ভান্ডার (স্টোর) অনুসন্ধান করে দেখা হচ্ছে।