পাথরঘাটায় আগুনে পুড়ে ব্যবসায়ীর মৃত্যু
বরগুনার পাথরঘাটায় দোকানে আগুন লেগে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কালমেঘা ইউনিয়নের কমিউনিটি সেন্টার বাজারে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যবসায়ীর নাম মো. ইব্রাহিম শরীফ (২৩)। তাঁর বাড়ি কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে। বাবার নাম আবদুস ছালাম শরীফ।
ইব্রাহিম টেলিকম ও জুতার ব্যবসা করতেন।
স্থানীয় মো. সেন্টু মিয়ার ভাষ্য, রাত তিনটার দিকে কমিউনিটি সেন্টার বাজারে আগুন লাগার খবর পাওয়া যায়। পাথরঘাটা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। ইব্রাহিম যে দোকানে ব্যবসা করতেন, সেটি পুরোপুরি পুড়ে যায়। দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন তিনি। পরে দোকানের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।