এক সপ্তাহের ব্যবধানে বরগুনার পাথরঘাটা উপজেলার রূহিতা ও বড় টেংরা গ্রামে আটটি গবাদিপশুর মৃত্যু এবং দুটি গরুর শরীরে ফোসকা পড়ে পচন ধরার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।এলাকা পরিদর্শন করে পাথরঘাটা উপজেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জালাল হোসেন প্রথম আলোকে বলেছেন, তাঁর ধারণা, খাদ্যের বিষক্রিয়ায় এসব গবাদিপশু মারা গেছে। প্রতিদিন তাঁদের কাছে এ রকম অসুস্থ গবাদিপশু চিকিৎসার জন্য আসছে। আর দুটি গরুর শরীরে পচন ধরার ঘটনা নিশ্চিত করে তিনি বলেন, ‘লক্ষণ দেখে অনুমান করা হচ্ছে, এটা বাদলা (ব্ল্যাক ওয়াটার) রোগের কারণে হয়েছে।’ তবে এটা অ্যানথ্রাক্স রোগ নয় বলেও তিনি নিশ্চিত করেন।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দক্ষিণে বলেশ্বর নদের তীরে রূহিতা গ্রামে গত এক সপ্তাহের ব্যবধানে সালাম মুন্সি, ইসমাইল হোসেন, আনসার মিয়া, ফারুক হোসেন, আলো মিয়া, শাহজাহান মিয়া ও বড় টেংরা গ্রামের ইলিয়াস হোসেনের আটটি গরু মারা গেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বে থাকা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রবীন্দ্রনাথ হাওলাদার বলেন, বিষয়টি তাঁদের কেউ জানায়নি। তাঁরা খোঁজ নিয়ে জরুরিভাবে ব্যবস্থা নেবেন।