পাথরঘাটায় আটটি দেশি পাইপগান ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় গত রোববার রাতে অভিযান চালিয়ে র্যাবের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দেশি আটটি পাইপগান, পাঁচটি গুলি, দুটি কার্তুজ, গুলির চারটি খোসা ও ছয়টি রামদা উদ্ধার করেছেন।র্যাবের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লে. মো. মহিউদ্দীন মজুমদারের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা রোববার দিবাগত রাত সোয়া আটটার দিকে বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পরিচালিত পাথরঘাটা মত্স্য অবতরণ কেন্দ্রের জামে মসজিদের আশপাশে তল্লাশি চালান। এ সময় তাঁরা মসজিদের উত্তর পাশের খালপাড়ের ঝোপঝাড়ের মধ্য থেকে ওই সব অস্ত্র ও গুলি উদ্ধার করেন।রোববার রাতে র্যাব পটুয়াখালী ক্যাম্পে এক সংবাদ ব্রিফিংয়ে লে. মহিউদ্দীন আহমেদ জানান, জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা পাথরঘাটা মত্স্য অবতরণ কেন্দ্র এলাকায় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছে—এমন তথ্যের ভিত্তিতে তাঁরা এ অভিযান চালান।উদ্ধার করা অস্ত্র ও গুলি গতকাল সোমবার বিকেলে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রশস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাবের কর্মকর্তা মহিউদ্দীন আহমেদ গতকাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাথরঘাটা থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম অস্ত্র হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।