পাথরঘাটায় আদালত চলছে ভবনের বারান্দায়
বরগুনার পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারকাজ চলছে ভবনের বারান্দায়। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ আদালত ভবন পরিত্যক্ত ঘোষণা করায় ওই ভবনের বারান্দায় চলছে আদালতের বিচারকাজ।
ঝুঁকিপূর্ণ আদালত ভবনের বারান্দায় বিচারকাজ চলায় আতঙ্কে আছেন আইনজীবী, বিচারপ্রার্থী ও বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
গণপূর্ত বিভাগের বরগুনা কার্যালয় ও আদালতের আইনজীবীদের সূত্রে জানা গেছে, পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ভবনের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে। ভবনের পিলার ও বিমের রড বের হয়ে মরিচা ধরেছে। গত ২৪ সেপ্টেম্বর গণপূর্ত বিভাগ আদালত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে।
গণপূর্ত বিভাগ বরগুনার নির্বাহী প্রকৌশলী ওসমান গনি বলেন, দুর্ঘটনার আশঙ্কায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ আদালত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা পেতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরেজমিনে ১০ অক্টোবর সকালে পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, অনেক বিচারপ্রার্থী ও আইনজীবীর সহকারীরা দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আর বারান্দায় আদালতের বিচারকাজ চলছে। বারান্দার সামনে খোলা মাঠে আইনজীবীরা জেরা করছেন।
আদালতের সূত্রগুলো জানায়, প্রায়ই বৃষ্টির জন্য আদালতের কার্যক্রম ব্যাহত হয়। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার পর থেকে এভাবেই চলছে এই আদালতের কার্যক্রম। সূত্র জানায়, বৃষ্টির সময় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এজলাস ও খাসকামরা এবং সেরেস্তাদারের কক্ষ, মালখানা, গুরুত্বপূর্ণ নথিপত্র রাখার কক্ষ, পুলিশ ব্যারাক, হাজতখানাসহ আদালতের প্রায় সব কক্ষের ছাদ চুইয়ে পানি পড়ে। এতে আদালতের কার্যক্রম প্রায়ই বিঘ্নিত হচ্ছে।