পাথরঘাটায় ওসি ও এসআইকে কারণ দর্শানোর নোটিশ
বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আযম খান ফারুকী ও উপপরিদর্শক মাসুদ মিয়াকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন আদালত। পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মাসুদুর রহমান গত ২৪ ও ২৬ আগস্ট তাঁদের এ নোটিশ দেন।জানা গেছে, আদালতের আদেশ ছাড়াই একটি মামলার তদন্তের প্রতিবেদন দাখিল এবং পরোয়ানা না নিয়ে আসামি গ্রেপ্তার করায় মাসুদ মিয়া এবং পেট্রলভর্তি ট্যাংকার লরি আটকের ঘটনার সময় জব্দ করা মালামালের তালিকা সঠিকভাবে আদালতে দাখিল না করায় ওসি আযম খান ফারুকীকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে নোটিশের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।এসআই মাসুদ মিয়া বলেন, ‘আদালতের আদেশ হাতে পেয়েছি। যথাসময় এর জবাব আদালতে দাখিল করা হবে।’ ওসি আযম খান বলেন, ‘ফৌজদারি কার্যবিধি ৫১ ধারার বলেই আমি আসামিদের দেহ তল্লাশি করে নগদ টাকা ও তিনটি মুঠোফোন নিরাপদে রেখেছি।’আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট পাঁচ হাজার ২০০ লিটার নিম্নমানের পেট্রলভর্তি ট্যাংকার লরিসহ তিনজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়। আটকের সময় ওই লরি থেকে তিনটি মুঠোফোনের সেট ও নগদ তিন লাখ ৭৩ হাজার টাকা জব্দ করা হয়। ওই জব্দ তালিকাও ২৩ আগস্ট এ মামলার শুনানি চলাকালে আদালতে উপস্থাপন করা হয়নি।