পাথরঘাটায় কোস্টগার্ড সদস্যদের সঙ্গে সংঘর্ষ, তিন জেলে গুলিবিদ্ধ
বরগুনার পাথরঘাটা উপজেলার স্লুইস চরে গতকাল শুক্রবার কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন তিন জেলে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। কোস্টগার্ডের সদস্যরা অবৈধ জাল উদ্ধারে অভিযানে গিয়ে এক জেলের স্ত্রীকে পেটানো শুরু করলে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ জেলেরা হলেন, শাহজাহান (৪০), অলিউল (২০) ও শাহ আলম (৩৫)। শাহজাহান ও অলিউলের বাড়ি স্লুইচ গ্রামে। শাহ আলমের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পদ্মা এলাকার বলেশ্বর নদে বেড় জাল উদ্ধারের জন্য কোস্টগার্ডের পদ্মা ক্যাম্পের ছয় সদস্যের একটি দল অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের সদস্যরা জাহাঙ্গীর হোসেন নামের এক জেলের জাল আটক করে পদ্মা স্লুইচ চরে নিয়ে আসেন। পরে ওই জেলের স্ত্রী কমলা বেগম জাল ফেরত চেয়ে কাকুতি-মিনতি করেন। একপর্যায়ে কোস্টগার্ডের সদস্যরা তাঁকে পিটিয়ে আহত করেন। সেখানে উপস্থিত জেলেরা এর প্রতিবাদ জানালে তাঁদেরও বেধড়ক পেটানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে পদ্মা এলাকার জেলেরা জড়ো হয়ে এ ঘটনার প্রতিবাদ জানায়। একপর্যায়ে তারা কোস্টগার্ডের সদস্যদের ধাওয়া দেয়। পরে কোস্টগার্ডের সদস্যরা পদ্মা খালের উত্তরপাড়ে অবস্থান নিয়ে প্রায় ২০০টি গুলি ছোড়েন। কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে তাঁদের ক্যাম্পের মধ্যে আশ্রয় নেন। জেলেরা ওই ক্যাম্প লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় কোস্টগার্ডের সদস্যরা আবার গুলি ছুড়লে ওই তিন জেলে গুলিবিদ্ধ হন।এর প্রতিবাদে জেলেরা বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ওই ক্যাম্প ঘেরাও করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত হাচানুর রহমান ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত কোস্টগার্ডের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জেলেরা অবরোধ তুলে নেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবু আল ফাত্তাহ বলেন, গুলিবিদ্ধ তিন জেলেকে প্রথমে তাঁদের কাছে আনা হয়। শাহ আলম মাথায়, শাহজাহান পেটে ও অলিউল ডান হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছেন। শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জেলে জালাল আকন প্রথম আলোকে অভিযোগ করেন, কোস্টগার্ডের সদস্যরা বেশ কিছু দিন ধরে তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় দুই দিন আগে কোস্টগার্ডের সদস্যরা প্রায় ৫০ হাজার মিটার জাল আটক করে পুড়িয়ে ফেলেন। গতকাল সকালে আবারও জাল আটক করেন।তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে কোস্টগার্ডের পদ্মা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বকুল হোসেন বলেন, অবৈধ জাল আটক করতে অভিযানে গেলে জেলেরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। আত্মরক্ষার জন্য কোস্টগার্ডের সদস্যরা গুলি চালান। এ সময় তাঁদের নয়জন সদস্য আহত হন। কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার সাব-লেফটেন্যান্ট হারুন অর রশিদ বলেন, ওই ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত দলকে প্রত্যাহার করে পাথরঘাটায় আনা হয়েছে।