পাথরঘাটায় খাল দখল
বরগুনার পাথরঘাটায় নৌ-চলাচলের একমাত্র মাধ্যম নতুন বাজার খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালী ব্যক্তিরা। দখলদারের তালিকায় রয়েছেন ক্ষমতাসীন দলের নেতা, পৌর মেয়র, বেসরকারি সংস্থার প্রধান, পাউবোর কর্মচারী, ব্যবসায়ীসহ অনেকে। খালটির মুখ থেকে পশ্চিমে তালতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারজুড়ে দুই পাড়ে গড়ে উঠেছে কমপক্ষে ৪০০ অবৈধ স্থাপনা। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের নির্মিত পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র, লঞ্চঘাট ও প্রধান খাদ্যগুদামে মালামাল আনা-নেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই খাল।বিষখালী নদী থেকে নতুন বাজার খালে ঢুকতেই পাড় দখল করে পৌর মেয়র মেয়র মল্লিক মোহাম্মদ আলী নির্মাণ করেছেন ডকইয়ার্ড। এর একটু পশ্চিম দিকেই পাকা ভবনে সমিল করেছেন স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) সংগ্রামের পরিচালক চৌধুরী মো. মাসুম। পরে আওয়ামী লীগের নেতা আবদুল বারী আজাদের বরফকল। এরপর রয়েছে পাউবোর অবসরপ্রাপ্ত শাখা কর্মকর্তা আবদুর রাজ্জাকের বসতবাড়ি। আরসিসি পিলার ও দেয়াল দিয়ে পাইলিং করে খাল দখল করা হচ্ছে। এভাবে ওই খালটির চর দখল করে গড়ে উঠেছে ব্যবসায়ী নূরুজ্জামান, হাফিজ উদ্দিন, সত্তার মিয়া ও আফজাল শরীফের সমিল; বাবুল খান, মিহির কুমার ও গোলাম মোস্তফার বরফকল এবং নতুন বাজার কিরাতুল লিল্লাহ বোর্ডিং নামের আরেকটি প্রতিষ্ঠান। ব্যবসায়ী জুলহাস মিয়া, জাহাঙ্গীর হোসেন, দলিল লেখক আল মামুন, নূরুল আমিন, রুহুল আমিন, বাবুল মিয়া, বজলুর রহমান, নাজমুল শাহীনের স্থাপনাসহ খালটির দুই পাড় দখল করে গড়ে উঠেছে প্রায় ৪০০ স্থাপনা। এ কারণে খালটি অস্তিত্বহীন হয়ে পড়ছে। সরেজমিনে দেখা যায়, চৌধুরী মো. মাসুমের সমিলের উত্তর পাশে খালের মধ্যে ইটের দেয়াল তৈরি করা হচ্ছে। তলদেশে রড-সিমেন্টের ঢালাই দিয়ে ওপরের অংশে ইটের গাঁথুনি দিয়ে খাল ভরাট করে আয়তন বাড়ানো হচ্ছে। মো. মাসুম বলেন, ‘ওখানে আগেই দেয়াল ছিল। ভেঙে যাওয়ার পর নতুন করে নির্মাণ করা হচ্ছে। একইভাবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবদুল বারী আজাদ চর দখল করে বরফকল স্থাপনের পর বর্তমানে খাল দখল করে আরসিসি পিলার দিয়ে জেটি নির্মাণ করছেন। আবদুল বারী আজাদ বলেন, ‘বরফকলের পাশে খালে একটি জেটি নির্মাণ করছি। প্রয়োজন হলে জনসাধারণ ওই জেটি ব্যবহার করতে পারবে। তবে যেখানে জেটি নির্মাণ করা হচ্ছে, সে জমি আমার নামে রেকর্ড করা।’বিষখালী নদী থেকে খালের প্রবেশমুখের জিয়া মাঠের উত্তর পাড় ও সংরক্ষিত বনের পশ্চিম পাশে বিশাল অংশজুড়ে ডকইয়ার্ড নির্মাণ করেছেন পৌর মেয়র মল্লিক মোহাম্মদ আইউব। ডকইয়ার্ডটি খালের মধ্যে চলে এসেছে। মল্লিক মো. আইউব অবশ্য দখলের বিষয়টি অস্বীকার করে বলেছেন, ‘ওই জমি আমার কেনা। আমার ডকের পশ্চিম পাশে কয়েকজন জমি দখল করছেন। কিন্তু আমি দখলদার নই।’ দখলদার দলিল লেখক আল মামুন বলেন, ‘খালটি আগের চেয়ে বেশ বড় হয়ে যাওয়ায় আমাদের জমির অংশ খালের মধ্যে রয়েছে। তাই ওই অংশটুকু আমরা দখলে রেখেছি।’ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘খালের পাড়ে যারা আছে, তারা সবাই খালটি দখল করে ব্যবহার করছে, আমরাও করছি।’পাথরঘাটা সরকারি গুদামের শ্রমিক সরদার হাবিবুর রহমান জানান, ৮০০ মেট্রিক টন গম ও চাল নিয়ে খুলনার কাজী ব্রাদার্সের একটি বড় জাহাজ পাথরঘাটায় আসার কথা ছিল। কিন্তু খালে ঢুকতে পারবে না বলে ৫ ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠানটি তাদের জাহাজ পাঠায়নি। পরে ছোট জাহাজে করে ওই খাদ্য আনতে হয়। এতে ব্যয় অনেক বেড়ে যায়।পদ্মা অয়েল কোম্পানির স্থানীয় পরিবেশক ফারুক হোসেন বলেন, ‘খালটি ভরাট হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে এক বছর ধরে তেলবাহী জাহাজ পাথরঘাটায় আসতে পারছে না। তাই বিকল্প পথে আমাদের জ্বালানি তেল আনতে গিয়ে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে।’বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর বলেন, ‘নতুন বাজার খাল দখল হয়ে যাওয়ার বিষয়ে আমি জাতীয় সংসদে কথা বলেছি। কিন্তু স্থানীয় প্রশাসন উদ্যোগ নিচ্ছে না। দখলমুক্ত না হলে খালে ট্রলার ও জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘নতুন খালটি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত নয়। এটি পাউবোর। তারা দখলমুক্ত করার উদ্যোগ নিলে আমরা সহায়তা করব।’পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দীর আহাম্মদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’