পাথরঘাটায় চরে অবৈধ ইটভাটা

বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকায় বিষখালী নদীর চর দখল করে ড্রাম চিমনির অবৈধ ভাটায় অবাধে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে।
‘টিএবি ব্রিকস’ নামে ওই ইটভাটার দক্ষিণ পাশে ১০ গজ দূরে মাঝেরচর নামে বিষখালী নদীর আরেকটি চর রয়েছে। সেখানে রয়েছে বন বিভাগের কেওড়া বন। উত্তর পাশে বন্যানিয়ন্ত্রণ বাঁধ এবং এর ঢালে বন বিভাগের সৃজন করা বন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ অনুচ্ছেদ ৮-এর (গ) ধারা অনুযায়ী, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান ও জলাভূমি এলাকায় ইটভাটা স্থাপন দণ্ডনীয় অপরাধ।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, বাইনচটকি ফেরিঘাটের পশ্চিম পাশে প্রায় চার একর জমির ওপর টিএবি ব্রিকস নামে ইটভাটা গড়ে তোলা হয়েছে। এই জমির পুরোটাই বিষখালী নদীর চর। চারপাশে মাটির বাঁধ দিয়ে বালু ফেলে চর ভরাট করে পুরো জমি উঁচু করা হয়েছে। এরপর দুটি খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে চরে বড় বড় গর্ত করে মাটি তুলে ইট তৈরি করা হচ্ছে। আর ড্রাম চিমনির ওই ভাটায় কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। ভাটার পাশে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কয়েক শ মণ কাঠ স্তূপ করে রাখা।
এলাকার তিনজন বাসিন্দা প্রথম আলোকে জানান, এ বছরই প্রথম এই ইটভাটা চালু করা হয়েছে। কিন্তু যেখানে করা হয়েছে, সেখানে কোনোভাবেই ইটভাটা স্থাপনের জন্য উপযুক্ত নয়। কারণ, ভাটার পুরো অংশই বিষখালী নদীর চরে স্থাপন করা হয়েছে। এর উত্তর পাশে দু-তিন গজ দূরে পাউবোর বাঁধের ঢালে রয়েছে সামাজিক বনায়ন। আর বাঁধ লাগোয়া একটি গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। দক্ষিণ পাশে কয়েক গজ দূরেই বন বিভাগের বন। সেখানে হরিণসহ অন্যান্য প্রাণীদের বসবাস। তাঁরা জানান, ভাটাটি চালু হওয়ার পর লোকজনের এলাকায় বসবাস করা দুরূহ হয়ে পড়েছে। কাঠ পোড়ানোর ধোঁয়ায় মানুষের স্বাস্থ্যসমস্যার পাশাপাশি আশপাশের বনও মারাত্মক হুমকির মুখে পড়বে বলে তাঁদের শঙ্কা।
ইটভাটাটির কাজের দেখাশোনা করেন নাসির মুনশি নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘এবারই আমরা ভাটাটি চালু করেছি। তাই ড্রাম চিমনি দিয়ে ইট পোড়ানো হচ্ছে। একবার ইট পোড়াতে আমাদের প্রায় চার হাজার মণ কাঠ পোড়াতে হয়।’
জানতে চাইলে ইটভাটার মালিক ওয়াদুদুর রহমান বলেন, ‘বেশির ভাগ জমিই স্থানীয় মালিকদের কাছ থেকে কিনেছি। আর কিছু জমি পানি উন্নয়ন বোর্ডের। আমরা তা ইজারা নেওয়ার চেষ্টা করছি।’ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোনো অনুমোদন আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আবেদন করব।’
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক সুকুমার চন্দ্র বিশ্বাস বলেন, ‘এ ধরনের ইটভাটা স্থাপনের খবর আমি জানি না। আর এটা হয়ে থাকলে তা সম্পূর্ণ অবৈধ। শিগগিরই আমরা সেখানে অভিযান চালাব।’