পাথরঘাটায় চারটি হরিণের চামড়াসহ শিকারি আটক
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজার এলাকা থেকে চারটি হরিণের চামড়াসহ এক চোরাই হরিণ শিকারিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে স্থানীয় চরদুয়ানি বাজার থেকে মোটরসাইকেলে করে পাথরঘাটা আসার পথে চরদুয়ানি নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ইউনুস আলী হাওলাদার (৪২) নামের ওই ব্যক্তিতে আটক করে। পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে পাথরঘাটার চরদুয়ানি বাজার থেকে মোটরসাইকেলে করে চারটি হরিণের চামড়া নিয়ে পাথরঘাটা আসার পথে চরদুয়ানি নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই খায়রুজ্জামান গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে। পরে তাকে পাথরঘাটা থানায় হস্তাস্তর করে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে গতকাল বুধবার দুপুরে জানান, ইউনুস প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন এসব হরিণ তারা সুন্দরবন থেকে ধরে এনে জবাই করে মাংস বিক্রির পর চামড়াগুলো অন্যত্র পাচার করার জন্য পাথরঘাটা নিয়ে যাচ্ছিলেন। ইউনুসের বিরুদ্ধে এ সংক্রান্ত আরও তিনটি মামলা রয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় ইউনুসের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত চারটি চামড়া স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তাস্তর করা হয়েছে।