পাথরঘাটায় চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জনের নির্বাচন বর্জন
বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপি ও কেন্দ্র থেকে প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে চেয়ারম্যান প্রার্থীসহ ছয় প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বেলা একটার দিকে পৃথক সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।
এই ছয়জন প্রার্থী হলেন বিএনপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম চৌধুরী; ইসলামী আন্দোলন-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মনিরুজ্জামান তালুকদার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মল্লিক মোহাম্মদ ফারুক এবং স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমাম হোসেন।
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান অভিযোগ করেন, ‘পাথরঘাটার ৫১টি ভোটকেন্দ্র দখল করে সকাল থেকেই আওয়ামী লীগ-সমর্থক ও ক্যাডাররা জাল ভোট দিচ্ছিলেন। এ সময় বিএনপি-সমর্থিত তিন প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়। এ ঘটনায় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা কোনো ব্যবস্থা না নিয়ে নীরবতা পালন করেন।’ তাই বিএনপি-সমর্থিত তিন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন বলে তিনি উল্লেখ করেন।
একই অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মনিরুজ্জামান তালুকদার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মল্লিক মোহাম্মদ ফারুক। তাঁরা লিখিত অভিযোগে জানান, পাথরঘাটার পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়, পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়, সুবর্ণা বড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি জালাল উদ্দিন মহিলা কলেজ ও পাথরঘাটা মহাবিদ্যালয় কেন্দ্রসহ উপজেলার ৫১টি ভোটকেন্দ্রেই প্রহসনের নির্বাচন চলছে। এ কারণে তাঁরা নির্বাচন বর্জন করেছেন।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত হোসেন সরকার বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। নির্বাচন সুষ্ঠুভাবে চলছে।’