পাথরঘাটায় ছাত্রলীগ নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া ও চাঁদা দাবির অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এবং ইউপি সদস্যসহ ১৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গত রোববার বরগুনা জেলা মুখ্য আমলি ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) ট্রাইব্যুনালে এ মামলাটি করেছেন স্থানীয় সাবেক সাংসদ গোলাম সরোয়ার হিরু। তিনি কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আফরোজ হ্যাপির স্বামী। মুখ্য আমলি ম্যাজিস্ট্রেট এম এ রব হাওলাদার মামলাটি গ্রহণের পর তা পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কমকর্তাকে থানায় এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। মামলার আসামিরা হলেন কালমেঘা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য আবদুস ছালাম, সাবেক ইউপি সদস্য মোস্তফা জামান, জাহিদ কবির, ইউপি সদস্য মতিয়ার রহমান, গোলাম ফারুক, শিক্ষক ফিরোজ মিয়া, পাথরঘাটা উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান, পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহাগ, ছাত্রলীগের কর্মী সোহেল মুন্সি, বেল্লাল, সুমন শীল, শহীদ, নজরুল ইসলাম, রিপন, জাহাঙ্গীর, সবুজ, ইলিয়াছ, বাদশা ও সাইফুল। মামলার বিবরণে জানা যায়, সাবেক সাংসদ গোলাম সরোয়ার হিরুর স্ত্রী কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আফরোজ হ্যাপি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে গেলে আসামিরা ওই সব কাজে বাধা দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চেয়ারম্যান তা দিতে অস্বীকার করায় গত বুধবার পৌর এলাকার তালতলা রোডে তাঁর ভাড়া বাড়িতে আসামিরা হামলা ও ভাঙচুর চালায়। মামলার আসামি ইউপি সদস্য আবদুস ছালাম বলেন, ‘বাদী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মামলা করেছে, এ ধরনের চাঁদাবাজি কিংবা হামলার কোনো ঘটনা ঘটেনি।’ কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আফরোজ হ্যাপি অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা ইউনিয়ন পরিষদের সামনের রাস্তার কাজ ও জেলে পুনর্বাসনের জন্য বরাদ্দ করা গম বিতরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছিলেন।