পাথরঘাটায় ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৯৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তবে আক্রান্ত মানুষের সংখ্যা আরও অনেক বেশি। স্থানীয় বাজারে আইভি (শিরায় দেওয়ার) স্যালাইন ও খাবার স্যালাইনের সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিদুল হাসান জানান, পাথরঘাটার প্রত্যন্ত গ্রামসহ বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দেওয়ায় এবং টানা দাপদাহের পর হঠাৎ বৃষ্টি ও রাতে ঠান্ডা আবহাওয়ার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। হাসপাতালে ডায়রিয়ার স্যালাইন না থাকায় রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া যাচ্ছে না। এ ছাড়া খাবার স্যালাইনেরও সংকট রয়েছে। গত শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভিড় দেখা গেছে। জায়গা না থাকায় হাসপাতালের তৃতীয় তলার বারান্দার মেঝেতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা আশ্রয় নিয়েছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও বেশ কয়েকজন ব্যবস্থাপত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রুহিতা, টেংড়া, হাড়িটানা, কোড়ালিয়া, পদ্মা ও এসব অঞ্চলের জেলেপল্লিসহ বিস্তীর্ণ চর এলাকায় প্রতিদিন পুকুরের পানি পান ও বিভিন্ন কাজে ব্যবহার করায় সেসব এলাকার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এসব অঞ্চলের বেশির ভাগ বিশুদ্ধ পানির উৎস পন্ড-স্যান্ড-ফিল্টার (পিএসএফ) দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় এলাকাবাসী বাধ্য হয়ে পুকুরের ময়লা পানি পান করছেন। পাথরঘাটা বাজারে খাবার স্যালাইনেরও সংকট দেখা দিয়েছে। গাববাড়িয়া গ্রামের মামুন খান ও হাড়িটানা গ্রামের মিজান হাওলাদারসহ ডায়রিয়ায় আক্রান্ত বেশ কয়েকজন রোগীর স্বজনেরা জানান, কয়েকটি দোকান ঘুরে ১০ প্যাকেট খাবার স্যালাইন কিনতে হয়েছে। দোকানে চাহিদামতো খাবার স্যালাইন পাওয়া যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল আহসান বলেন, চাহিদা অনুযায়ী আইভি স্যালাইন ও খাবার স্যালাইন বরগুনা থেকে আমাদের সরবরাহ করা হচ্ছে না। তা ছাড়া আইভি স্যালাইন বাজারেও পাওয়া যাচ্ছে না। এতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে প্রয়োজন অনুযায়ী স্যালাইন দেওয়া যাচ্ছে না।