পাথরঘাটায় তিনটি মেছো বাঘ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলেশ্বর নদসংলগ্ন বরগুনার পাথরঘাটা উপজেলার পশ্চিম কাঁঠালতলী গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে তিনটি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। গত সোমবার রাতে ওই গ্রামের একটি মৎস্য খামারের জালে ওই পশু তিনটি আটকা পড়ে।
বন বিভাগের চরদুয়ানি বিট কার্যালয়ের বনপ্রহরী গাউস ফারুকী জানান, পশ্চিম কাঁঠালতলী গ্রামের কবির তালুকদারের মৎস্য খামারের জালে সোমবার গভীর রাতে মেছো বাঘ তিনটি আটকা পড়ে। সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে বন বিভাগের পাথরঘাটা সদর, হরিণঘাটা ও চরদুয়ানি বিট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘ তিনটিকে পাথরঘাটা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চত করে বন বিভাগের পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, মেছো বাঘ তিনটির বয়স দেড় থেকে দুই বছর। খাবারের সন্ধানে এরা লোকালয়ের ওই মৎস্য খামারে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা শেখ সোলায়মান হোসেন বলেন, গতকাল বিকেলে ওই তিনটি মেছো বাঘকে স্থানীয় হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।