পাথরঘাটায় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার বিকেলে শহরের শেখ রাসেল স্কয়ারে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার বিকেলে পাথরঘাটা বিএফডিসি ঘাটশ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ও পদ্মা ওয়ার্ড ছাত্রলীগের নেতা ওয়াসিম উদ্দিনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ওয়াসিম উদ্দিন, জসিম উদ্দিন, নাসির উদ্দিন, হেলাল কাজি ও সবুর হোসেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল আহসান বলেন, আহত ওয়াসিম উদ্দিন, জসিম উদ্দিন, নাসির উদ্দিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানার ওসি নূরুল হক বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি ও স্থানীয় আবুল কালাম বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।