পাথরঘাটায় পরাজিত প্রার্থীর বাড়ি ও কর্মীদের ওপর হামলা
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি-সমর্থিত বিজয়ী চেয়ারম্যানের বিজয় মিছিল থেকে পরাজিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। ওই বিজয় মিছিল থেকে পরাজিত এক ইউপি সদস্য পদপ্রার্থীর বাড়িতেও হামলা চালানো হয়েছে। এতে তিনজন আহত হন। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।ঘটনায় জড়িত সন্দেহে পাথরঘাটা থানার পুলিশ ১৭ জনকে আটক করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে চরদুয়ানী ইউপি নির্বাচনের ফল ঘোষণার পর গতকাল বেলা ১১টার দিকে বিজয়ী চেয়ারম্যান কামরুল ইসলাম ও তাঁর সমর্থকেরা বিজয় মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য পদপ্রার্থী মজিবর হাওলাদারের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা ওই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আতঙ্কে পালাতে গিয়ে বাড়ির তাজেনূর, ফিরোজা ও রুবি নামের তিনজন নারী আহত হন। এ সময় হামলাকারীরা মজিবর হাওলাদারের বাড়ির সামনে একটি খড়ের গাদা পুড়িয়ে দেন।পরে তাঁরা বিজয় মিছিল নিয়ে খলিফারহাট এলাকায় গিয়ে পরাজিত প্রার্থী আবদুর রহমানের কর্মীদের ওপর হামলা চালান। এতে ১২ জন আহত হন। তাঁদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমান অভিযোগ করেন, ‘শনিবার রাত থেকে বিজয়ী চেয়ারম্যান কামরুল ও তাঁর সমর্থকেরা আমার কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালাতে শুরু করেন।’অভিযোগ অস্বীকার করে কামরুল ইসলাম বলেন, ‘শনিবার ফল ঘোষণার পর পরাজিত প্রার্থী হাফিজ উদ্দীন আহম্মেদ ও আবদুর রহমানের সমর্থকেরা আমাকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। পরে রাতে কোস্টগার্ড সদস্যরা খবর পেয়ে আমাকে উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসেন।’ বিজয় মিছিল করার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আমার যেসব কর্মীকে মারধর করা হয়েছে, গতকাল সকালে তাঁদের দেখতে গিয়েছিলাম। সে সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়েছিল। পুলিশ আমার ভগ্নিপতিসহ ১৭ জনকে বিনা অপরাধে আটক করেছে।’পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বিজয় মিছিল করা ও সহিংতায় জড়িত থাকার সন্দেহে ১৭ জনকে আটকের কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।