পাথরঘাটায় পাঁচ বনরক্ষীকে মারধর, ২৪ ঘণ্টা অবরুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার চরলাঠিমারা ও বাদুড়তলা সংরক্ষিত বনে কর্মরত চার বনরক্ষীকে মারধর করে বন বিভাগের বিট কার্যালয়ে প্রায় ২৪ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন বনের জমি দখলদারেরা। গত মঙ্গলবার বিকেলে দখলদারেরা বন কর্মকর্তাসহ ওই বনরক্ষীদের ওপর হামলা চালান।
বন বিভাগের স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ওই দুটি সংরক্ষিত বনের প্রায় ৯০ হাজার শ্বাসমূলীয় গাছ সাবাড় করে বনের ৪০ একর জমি দখল করছেন স্থানীয় ভূমিহীন নামধারী কতিপয় ব্যক্তি। আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে গত দেড় মাসে বনের প্রায় ৫০ হাজার গাছ কেটে সাবাড় করা হয়েছে।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা সোলায়মান হাওলাদার জানান, বনভূমি দখল ও গাছ কাটতে বাধা দেওয়ায় মঙ্গলবার চরলাঠিমারা বিট কর্মকর্তা গোলাম মোস্তফাসহ পাঁচ বনরক্ষী হামলার শিকার হন। তাঁদের মারধর করে চরলাঠিমারা বিট কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার পর গোলাম মোস্তফা কৌশলে পালিয়ে এসে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। বাকি চারজনকে ওই কার্যালয় থেকে গতকাল বুধবার বিকেল চারটার দিকে পুলিশ উদ্ধার করে।
তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে এসব দখলদারেরা বনের গাছ কেটে ৪০ একর জমি ইতিমধ্যে দখল করেছেন। ওই জমি নিয়ে মামলায় আদালতের স্থিতাবস্থা থাকলেও প্রভাবশালীদের সহযোগিতা থাকায় তার তোয়াক্কা করছেন না দখলদারেরা।
হামলার শিকার চরলাঠিমারা বিট কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার বিকেলে চরলাঠিমারা সংরক্ষিত বনে গেলে তাঁকেসহ বনরক্ষী দেলোয়ার হোসেন, জিলোন হোসেন, নৌযান চালক ছগির হোসেন ও জাকির হোসেনের ওপর শহিদ হোসেন, খলিলুর রহমান ও জলিলুর রহমানের নেতৃত্বে ১০-১৫ জন হামলা চালান। এ সময় দখলদারেরা লাঠি দিয়ে বনরক্ষীদের বেদম পেটান এবং কিল-ঘুষি মেরে আহত করেন। পরে তাঁদের টেনে -হিঁচড়ে স্থানীয় পদ্মা স্লুইস এলাকায় নিয়ে পুনরায় লাঠিপেটা করেন। এরপর তাঁদের বন বিভাগের কার্যালয়ে আটকে রাখেন। কৌশলে তিনি মঙ্গলবার রাতে পাথরঘাটায় আসেন।
দখলদার এমাদুল মাঝি, হানিফা, আনোয়ার গাজী, ময়না বেগম ও হালিমা বেগমসহ কয়েকজন জানান, ওই জমি ভূমি কার্যালয় থেকে তাঁরা বন্দোবস্ত নিয়েছেন। তাই তাঁরা জমি দখলে নিচ্ছেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত হোসেন সরকার গতকাল বলেন, ‘বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। এটি আদালতের এখতিয়ারভুক্ত হওয়ায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না।’