পাথরঘাটায় পানির দাবিতে বিক্ষোভ
বরগুনার পাথরঘাটায় পানির দাবিতে বিক্ষোভ করেছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। নিয়মিত পানি সরবরাহের দাবিতে শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায় তাঁরা এ বিক্ষোভ করেন। এদিকে পৌর এলাকার নতুন খালের সেতুর ওপর মরিচা ধরা লোহার পাইপ খুলে নতুন পাইপ স্থাপনের কাজ চলছে। এ জন্য গোটা পৌর এলাকায় দুই দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ পাঁচ-ছয় মাস ধরে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে খুবই কম পানি পাওয়া যাচ্ছে। যা-ও সামান্য পানি পাওয়া যায়, তা-ও আবার পানি আসতে আসতেই শেষ হয়ে যায়। এ কারণে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার অন্ততপক্ষে চার হাজার মানুষ। ৯ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় খাবার হোটেলের মালিক সাথী বেগম বলেন, ‘পেত্যেক দিন মোর ভাতের হোটেলে কমপক্ষে ১৫০ থেকে ২০০ মানুষ ভাত খায়। এই কয় মাস হইছে পানির লইগ্যা রান্নাবান্না করতে মোর দারুণ সমস্যা হইছে।’ পানির দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় যুবক সাইফুল ইসলাম বলেন, ‘পানি আসা মাত্র কল ছেড়ে গোসল করার জন্য যখন শরীরে চার-পাঁচ মগ পানি ঢালতে শুরু করি, তখনই পানি চলে যায়। এ ঘটনা প্রায়ই ঘটে।’ পানির সমস্যার কথা স্বীকার করে পাথরঘাটা পৌরসভার কাউন্সিলর তারিকুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পানি-সংকটে রয়েছেন, এ কথা পৌর পানি সরবরাহ শাখাকে জানানো হয়েছে। পৌর পানি সরবরাহ শাখার ব্যবস্থাপক সোহেল আহমেঞ্চদ বলেন, নতুন খালের সেতুর ওপর পানি সরবরাহ লাইনের লোহার পাইপে মরিচা ধরে পাইপ ছিদ্র হয়ে যাওয়ায় সেতুর ওই স্থানে নতুন পাইপ স্থাপনের কাজ চলছে। এ কারণে দুই দিন ধরে পৌর এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।