পাথরঘাটায় প্রতিমা ভাঙচুর
বরগুনার পাথরঘাটায় সর্বজনীন কালীমন্দিরে হামলা চালিয়ে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালীপুর গ্রামের চণ্ডীদাশ মিস্ত্রিবাড়ি কালীমন্দিরে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যার আগে কোনো একসময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার পাথরঘাটা থানায় মামলা হয়েছে।
কালীমন্দিরের পুরোহিত ক্ষীতিশ চন্দ্র মিস্ত্রি বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় মন্দিরে পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনা দেখতে পাই। এ সময় স্থানীয় লোকজনসহ গ্রামের ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে এ খবর জানাই।’
পাথরঘাটা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব ও স্থানীয় রিপন মিত্র জানান, মন্দিরের অদূরে রমেশ চন্দ্র মিস্ত্রির বাবা নিবারণ চন্দ্র মিস্ত্রির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই বাড়িতে ভোরকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে কালীমন্দিরের পুরোহিত ক্ষীতিশ চন্দ্র মিস্ত্রিসহ আশপাশের হিন্দুধর্মাবলম্বীরা অংশ নেন। ধারণা করা হচ্ছে, এ সুযোগে দুর্বৃত্তরা মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কালী প্রতিমার ডান হাত ও শরীর থেকে মাথা
বিচ্ছিন্ন করে। দুর্বৃত্তরা মহাদেব প্রতিমার মাথা ও বাঁ হাতও ভাঙচুর করে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মন্দিরে পূজা দিতে এসে পুরোহিত ক্ষীতিশ চন্দ্র মিস্ত্রি এ ঘটনা দেখতে পান।