বজ্রপাতে সাগরে ছিটকে জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথরঘাটার সুখপাড়া এলাকায় বঙ্গোপসাগরে বজ্রপাতে মামুন হাওলাদার নামের একজন জেলে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নবী হোসেন নামের আরেক জেলে আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সাগরের চান্দেশ্বর সংলগ্ন সুখপাড়া এলাকায় মাছ ধরা ট্রলারে এই বজ্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী জেলেদের বরাত দিয়ে পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়ৎদার সমিতির সদস্য আবদুর রহমান বলেন, সকালে সুখপাড়া এলাকায় সাগরে এফবি ভাই ভাই ট্রলারে ছয়জন জেলে মাছ ধরছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ওই ট্রলারের খুব কাছে বজ্রপাত হয়। এতে ট্রলারে থাকা জেলে মামুন হাওলাদার ছিটকে সাগরে পড়ে যান। পরে সাগরের ওই এলাকায় বেশ কিছু ট্রলার নিয়ে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় প্রচণ্ড শব্দ ও আগুনের ফুলকিতে নবী হোসেন আহত হন।

এ ব্যাপারে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির পাথরঘাটা উপজেলা কার্যালয়ের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান হাওলাদার বলেন, আহত নবী হোসেনকে পাথরঘাটায় চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে। মামুন হাওলাদারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।