পাথরঘাটায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি
বরগুনার পাথরঘাটা উপজেলায় গত তিন দিনে জোয়ারের চাপে বিষখালী ও বলেশ্বরের বেড়িবাঁধের বিভিন্ন স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। কয়েকটি স্থানে বাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে নদী দুটির পার্শ্ববর্তী ২০টি গ্রামের প্রায় ১৫ হাজার পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। জোয়ারের চাপে তাফালবাড়িয়া গ্রামে গতকাল বুধবার ভোরে ৫০০ ফুট বাঁধ ভেঙে গেছে। দক্ষিণ তাফালবাড়িয়ায় রাস্তা ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। গাববাড়িয়া ছোটটেংরা, মঠেরখাল, জ্ঞানপাড়া ও তাফালবাড়িয়ার লোকালয়ে পানি ঢুকেছে। এ ছাড়া বলেশ্বর নদের ছোট টেংরা থেকে দক্ষিণ চরদুয়ানি পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় অন্তত ২০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে ওই এলাকার ছয়টি গ্রামের পাঁচ হাজার পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষখালী তীরের জিনতলা বেড়িবাঁধের প্রায় ৩০০ ফুট মঙ্গলবার সকালে জোয়ারের চাপে ধসে গেছে। জিনতলা ও ভারানীখালের বাঁধে অন্তত ১৫টি স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় জিনতলায় বাঁধ ভেঙে জিনতলা, হরিণঘাটা ও চরলাঠিমারা গ্রাম তলিয়ে যেতে পারে বলে এলাকার কয়েকজন আশঙ্কা ব্যক্ত করেছেন।মঙ্গলবার দুপুরে জোয়ারের চাপে বলেশ্বর তীরের রুহিতা গ্রামের নতুন বাঁধ ভেঙে রুহিতা, হাঁড়িটানা ও হাজিরখাল এলাকার কয়েক হাজার মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। বেড়িবাঁধের ১০টি স্থানে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে আছে তিন গ্রামের প্রায় সাড়ে তিন হাজার পরিবার। পাথরঘাটার দায়িত্বে থাকা পাউবো বরগুনার উপবিভাগীয় প্রকৌশলী আলী হায়দার আকবর জানান, মঙ্গলবার জেলার বিভিন্ন নদ-নদীতে ৩ দশমিক ৩৬ মিটার উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। জোয়ারের চাপের কারণে বেশ কিছু এলাকায় বাঁধ দুর্বল হয়ে গেছে। তা ছাড়া সিডরে ক্ষতিগ্রস্ত অনেক বাঁধ মেরামত না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।