পাথরঘাটায় মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথরঘাটা-বরিশাল সড়ক সংস্কার, বিদ্যুতের লোডশেডিং বন্ধসহ তিন দফা দাবিতে বরগুনার পাথরঘাটা উপজেলার মৎস্য ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার বিকেলে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে তাঁরা ওই কর্মসূচি পালন করেন। পাথরঘাটা মৎস্য পাইকার সমিতি আয়োজিত এক কর্মসূচিতে বক্তৃতা দেন সমিতির সভাপতি শাফায়াত হোসেন, বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল প্রমুখ।মৎস্য ব্যবসায়ীরা বলেন, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ইলিশ মৌসুমে প্রতিদিন ৭০ থেকে ৮০টি মাছবাহী ট্রাক দেশের বিভিন্ন স্থানে যায়। কিন্তু পাথরঘাটা-বরিশাল সড়কের বেহাল দশার কারণে সম্প্রতি সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় মাছ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। এ ছাড়া বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে পাথরঘাটার ৩২টি বরফকলে বরফ উৎপাদন সম্ভব হচ্ছে না। এমনকি ৮০ টাকার বরফ এক হাজার টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। ফলে তাঁরা মাছ সংরক্ষণ করতে পারছেন না। তাঁরা অবিলম্বে এসব সমস্যা সমাধান করে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা মৎস্যবন্দরকে রক্ষার দাবি জানান।